ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কাজী সালাউদ্দিনের নেতৃত্বে স্বপ্নের "বাফুফে দলের" আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আগের কমিটির কাছ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়ে স্বপ্নের পথে যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত বাফুফে সভাপতি।
যেখান থেকে বাফুফে দলের শুরু সেখানেই 'সুলতানী'-আমলের সমাপ্তি। কিন্তু বাজেনি কোনো বিদায়ী রাগ। যেন বাংলাদেশের ফুটবলে নতুন সূর্যের আগমনীবার্তা নিয়েই হাজির হয়েছে এস এ সুলতানের বিদায়লগ্ন। সাবেক সভাপতি নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নতুনদের শুভ কামনা জানান এভাবে,"আমাদের ভুল-ত্র"টি থেকে শিক্ষা নিয়ে আপনারা আরো ভাল করুন। বাংলাদেশের ফুটবলের নতুন দিগন্ত খুলে যাক, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি।" এই বিদায়ী বক্তব্যের মিনিট দশেক আগেই তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে স্বাগত জানান কাজী সালাউদ্দিনকে।
দায়িত্ব বুঝে নিয়ে বিকেল সাড়ে ৩ টায় নতুন কমিটির অভিষেক সংবাদ সম্মেলনে নতুন সভাপতি ঘোষণা দেন, "এই কমিটিতে ফুটবলার ও সংগঠক দুই রকম লোকই আছে। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা একসঙ্গে কাজ করবো।" এই ঘোষণায় আপাতত থেমে গেছে একটা গুঞ্জন। নির্বাচনী প্রতিদ্বন্ধিতায় দ্বিধাবিভক্ত লোকজন কী করে ঐক্যের পতাকাতলে হাজির হয় এবং একসঙ্গে কাজ করে এ নিয়ে সংশয় ছিল অনেকের। সেটা বুঝতে পেরে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী আগেভাগেই বলে দিয়েছেন, "নির্বাচন শেষের মুহুর্তে আমাদের মধ্যে সব প্রতিদ্বন্ধিতাও শেষ হয়ে গেছে। এখন আমরা খেলোয়াড়-সংগঠকদের নিয়ে দুর্দান্ত একটা দল। এই বাফুফে দলের নেতা সালাউদ্দিন।" তার কথার সূত্র ধরে নতুন নেতা অনেকটা গ্যারান্টি দেয়ার সুরে বললেন, "আমাদের একসঙ্গে কাজ করতে হবে। শেষ পর্যন্ত আমাদের এই বন্ধন অটুট থাকবে।" তখন পাশেই ছিলেন চার সহ-সভাপতি মঞ্জুর হোসেন মালু, শওকত আলী খান জাহাঙ্গীর, বাদল রায় ও কাজী নাবিল আহমেদ। ছিলেন সংগঠক হারুনুর রশীদ, আনোয়ারুল হক হেলালসহ অন্য সদস্যরাও।
আসলে এই বন্ধনের ওপরই নির্ভর করছে কমিটির সাফল্য এবং বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ। এত সুন্দর কমিটি বাংলাদেশের ফুটবলের জন্য এক বিশাল প্রাপ্তি, ঘটনাচক্রে তার সাফল্যের পূর্বশর্ত হয়ে গেছে পারস্পরিক সুসম্পর্ক ও টিমওয়ার্ক। পারস্পরিক সুসম্পর্ক আর টিমওয়ার্ক না থাকলে ব্যর্থ হয়ে যেতে পারে সালাউদ্দিনের এই চাওয়াটাও, "নির্বাচনের সময় মানুষের যে স্বতঃস্ফুর্ততা দেখেছি তা মাঠে নিয়ে যাবো আমরা।" সাধারণ একটি নির্বাচন নিয়ে ফুটবল অনুরাগীদের বাফুফে অঙ্গনে এত ভীড় দেখে তাদের প্রত্যাশা ঠিকই অনুমান করেছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা কাজী সালাউদ্দিন। প্রত্যাশা পূরনের কাজ শুরুর আগে নতুন সভাপতি অবশ্য একটি রোডম্যাপ তৈরির সময় চেয়েছেন, "আজ কেবল দায়িত্ব নিয়েছি। ৭ থেকে ১০ দিন সময় দারকার আমাদের পরিকল্পনা করার জন্য।"
নতুন পরিকল্পনা নিয়ে "বাফুফে দল" আবার মিডিয়ার মুখোমুখি হবে। কারণ,তাদের বিশ্বাস, "মিডিয়ার মুখোমুখি হলেই দেশবাসীর কাছে জবাবদিহি করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/২১১৮ ঘ.
bdnews24