ম্যানচেস্টার, ৩০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাসপেনশনের কারণে ৯ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনি খেলতে পারেননি, সতীর্থদের সঙ্গে মেতে উঠতে পারেননি 'ট্রেবল' জয়ের উৎসবে। তবে এবার সেই আক্ষেপ ঘুচে যাবে পল স্কলসের। তার দুর্দান্ত এক গোলেই যে ম্যানচেস্টার ইউনাইটেড এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে! মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে এ মৌসুমে 'ডাবল' জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখলো ম্যানইউ। সেই সঙ্গে নিশ্চিত হলো চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম বারের মতো 'অল-ইংলিশ' ফাইনাল। কারণ অন্য সেমিফাইনালের দুই দল চেলসি ও লিভারপুলও ইংল্যান্ডেরই।
গত সপ্তাহে বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত প্রথম লেগে কোনো দলই গোল করতে পারেনি। মঙ্গলবার তাই শুরু থেকে দু দলই গোল করতে বদ্ধপরিকর ছিল। 'বার্সা'র বেশির ভাগ আক্রমণ গড়ে উঠেছে তাদের আক্রমণভাগের প্রাণশক্তি লিওনেল মেসিকে ঘিরে। কিক-অফের সঙ্গে সঙ্গে এই আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের মাধ্যমে ম্যাচটিতে উত্তেজনার সূচনা। খেলা শুরুর মাত্র ৩০ সেকেন্ড পর তিনি বিপজ্জনকভাবে ঢুকে যাচ্ছিলেন ম্যানইউ'র বক্সের মধ্যে। তবে বক্সের ঠিক বাইরে তাকে ফাউল করে যে যাত্রা দলকে রক্ষা করেন স্কলস। প্রথম চার মিনিটে তিনটি ফ্রিকিকেই বোঝা গেছে এই ম্যাচে গোল করতে দু দলই কতোটা মরিয়া। মাত্র এক গোল হলেও আক্রমণ-পাল্টা আক্রমণের তাই অভাব ছিল না সারা ম্যাচে।
পরম আরাধ্য সেই গোলের দেখা পেতে ১৪ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। তার আগে অবশ্য 'বার্সা' ডিফেন্ডার এরিক আবিদালের জোরালো এক শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে গিয়ে বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল ম্যানইউ সমর্থকদের। আর তারপরই 'রেড ডেভিল'দের সেই মাহেন্দ্রক্ষণ! ক্রিস্টিয়ানো রোনালদো বার্সেলোনার বক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করলেও হারিয়ে ফেলেন বলের নিয়ন্ত্রণ। 'বার্সা'র ইতালিয়ান ডিফেন্ডার জিয়ানলুকা জামব্রোত্তার পায়ে চলে যায় বল। কিন্তু জামব্রোত্তার ভুল পাস থেকে বল পেয়ে যান স্কলস। প্রায় ২৫ মিটার দূর থেকে নেয়া দুর্দান্ত বাঁক খাওয়ানো শটটা ঝাঁপিয়ে পড়েও স্পর্শ করতে পারেননি বার্সেলোনার গোলকিপার ভিক্টর ভালদেস (১-০)।
প্রথমার্ধে আরো গোল পেতে পারতো স্বাগতিকরা। কিন্তু ২১ মিনিটে পার্ক জি-সুং বাইরে মারায় এবং বিরতির মিনিট চারেক আগে পার্কেরই ক্রস থেকে ন্যানির হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যবধানটা তারা বাড়িয়ে নিতে পারেনি। বার্সেলোনাও গোল শোধ করার একাধিক সুযোগ পেয়েছে। তার মধ্যে সেরা সুযোগ এসেছিল ২০ মিনিটের সময়। স্কলস ও ওয়েস ব্রাউনের ভেতর দিয়ে ঢুকে পড়ে মেসি দারুণ এক শট নিলেও ম্যানইউ গোলকিপার এডউইন ফন ডার সার ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন দলকে। ডেকোও চেষ্টা করেছিলেন ম্যাচে সমতা ফেরানোর। কিন্তু মাত্র তিন মিনিটের ব্যবধানে তার দু-দুটো প্রচেষ্টা নষ্ট হয়ে যায়। প্রথম বার তিনি মেরেছেন ক্রসবার উঁচিয়ে, পরের বার তার শট বেরিয়ে যায় সাইড বারের একটু বাইরে দিয়ে।
দ্বিতীয়ার্ধে ম্যানইউ'র সাবেক 'ঘাতক' থিয়েরি অঁরিকে নামিয়েও গোলের দেখা পাননি বার্সেলোনার কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড। অঁরির দুটো প্রচেষ্টা অবশ্য পোস্ট পর্যন্ত গিয়েছিল। কিন্তু প্রথম বার তার দুর্বল হেড সরাসরি ফন ডার সারের হাতে গিয়ে পড়ে, আর পরের বারের জোরালো শটটা দারুণ দক্ষতার সঙ্গে ঠেকিয়ে দেন 'রেড ডেভিল'দের ডাচ গোলকিপার। শেষ দিকে গোল শোধ করতে মরিয়া বার্সেলোনা একের পর এক আক্রমণ করার চেষ্টা করেছে। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্স বিশেষ করে রিও ফার্ডিন্যান্ড ও ওয়েস ব্রাউনের দৃঢ়তায় তারা গোলের দেখা পায়নি। আর সেজন্যই আগামী ২১ মে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে প্রথম বারের মতো হতে যাচ্ছে 'অল-ইংলিশ' ফাইনাল।
ইনজুরির কারণে ওয়েইন রুনি খেলতে পারেননি। এ মৌসুমে ৩৮ গোল করে দলকে 'ডাবল' অর্থাৎ চ্যাম্পিয়ন্স ও ইংলিশ লিগ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ক্রিস্টিয়ানোর রোনালদোও ছিলেন নি
bdnews24