২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"সালাউদ্দিন তুর্যকে এবার সূর্য হয়ে উঠতে হবে"

৫ বছর আগে তাকে ফুটবল ফেডারেশনে নিয়ে আসেন তখনকার সভাপতি এস এ সুলতান। সেই সভাপতির সঙ্গে বিবাদে জড়িয়েই পদত্যাগ করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। অবশেষে সেই চ্যালেঞ্জ জিতে কাজী সালাউদ্দিন বাফুফের নতুন সভাপতি। তাকে জায়গা ছেড়ে দিতে গিয়ে বিদায়ী সভাপতি সুলতানও বলেছেন, "যোগ্য লোকের হাতেই উঠেছে বাংলাদেশের ফুটবলের নেতৃত্ব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 05:04 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ৫ বছর আগে তাকে ফুটবল ফেডারেশনে নিয়ে আসেন তখনকার সভাপতি এস এ সুলতান। সেই সভাপতির সঙ্গে বিবাদে জড়িয়েই পদত্যাগ করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। অবশেষে সেই চ্যালেঞ্জ জিতে কাজী সালাউদ্দিন বাফুফের নতুন সভাপতি। তাকে জায়গা ছেড়ে দিতে গিয়ে বিদায়ী সভাপতি সুলতানও বলেছেন, "যোগ্য লোকের হাতেই উঠেছে বাংলাদেশের ফুটবলের নেতৃত্ব।" এই যোগ্য লোকটি কিন্তু খুব মুষড়ে পড়েছিলেন ভোট গণনার সময়। পাঁচ সহ-সভাপতি পদে ভোটের চালচিত্র দেখে ঘাবড়ে গিয়েছিলেন সালাউদ্দিন। পাঁচটির মধ্যে মাত্র একটি তার প্যানেলের, হতাশার এই চিত্র নাকি তার হার্ট-বিট বাড়িয়ে দিয়েছিল। সভাপতির ভোট গণনা না দেখেই বাড়ি ফিরে যাওয়ার কথাও ভেবেছিলেন। শেষ পর্যন্ত যাননি। সেটা তার সৌভাগ্য। কেননা চলে গেলে তো নিজের স্বপ্নযাত্রার শুভ মুহুর্তটাই উপভোগ করা হতো না কাজী সালাউদ্দিনের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা বাফুফের সভাপতি হয়েছেন ৬২ ভোট পেয়ে। প্রতিপক্ষ মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী হেরেছেন ১৩ ভোটে। এই ঘোষণা আসতে উল্লাসে ফেটে পড়ে বাফুফে ভবন। সালাউদ্দিনের অস্থির চিত্তে স্থিরতা আসে, যেন শিহরণ বয়ে যায় স্নায়ুতন্ত্রে। জয়ধ্বনি আর অভিনন্দনের জোয়ারে ভেসে যান বাংলাদেশ ফুটবলের এই মহানায়ক। ইনজুরি টাইমে গোল করে ম্যাচ জেতানোর পর জয়ের নায়ককে ঘিরে যা হয় ঠিক যেন সেই অবস্থা। উৎসব একটু হালকা হতেই সালাউদ্দিন ভোটারদের ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, "আমার ৪০ বছরের স্বপ্ন পূরণের সুযোগ করে দেওয়ার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। আশা করি সবার সহযোগিতায় এদেশের ফুটবলকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো।" নতুন কমিটিতে পাশে পুরনো খেলোয়াড়দের পেয়ে তার অনুভূতি, " এই কমিটিতে অনেক ফুটবলার এসেছে বলে আমার খুব ভালো লাগছে। । তবে অনেক যোগ্য সংগঠক বাদ পড়েছে।" নবনির্বাচিত ২১ সদস্যের এই কমিটিতে আছেন ৮ জন সাবেক ফুটবলার --- সালাম মুর্শেদী, বাদল রায়, শেখ মোহাম্মদ আসলাম, খোরশেদ আলম বাবুল, হাসানুজ্জামান বাবলু, সত্যজিত দাস রূপু এবং গোলাম রাব্বানী হেলাল। আছেন হারুনুর রশীদ, আনোয়ারুল হক হেলালের মতো নামী সংগঠকরাও। আগামী চার বছরের জন্য সংগঠক ও ফুটবলারদের দুর্দান্ত মিশ্রনে চমৎকার এক কমিটি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন