ঢাকা, ২৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে এবারও ফেরায়নি ফুটবল। বাফুফের চরম উত্তেজনাপূর্ণ নির্বাচনে প্রতিযোগী মেজর জেনারেল আমীন আহম্মদ চৌধুরী (অব.) কে হারিয়ে বাফুফের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি পেয়েছেন ৬২ ভোট, আমীন আহমেদ চৌধুরীর প্রাপ্ত ভোটসংখ্যা ৪৯। অর্থাৎ সালাউদ্দিন জিতেছেন ১৩ ভোটে। মোট ১১২টি ভোটের মধ্যে সভাপতি পদে একটি ভোট বাতিল হয়েছে।
শুধু সালাউদ্দিনই নন, ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে সাবেক ফুটবলারদের প্রাধান্য। সালাউদ্দিনসহ সর্বোচ্চ পর্যায়ে খেলা ৮ জন ফুটবলার আছেন নতুন কমিটিতে। এরা হলেন - সালাম মুর্শেদী, বাদল রায়, শেখ মোহাম্মদ আসলাম, খোরশেদ আলম বাবুল, হাসানুজ্জামান বাবলু, সত্যজিত দাস রূপু এবং গোলাম রাব্বানী হেলাল।
সোমবার অনুষ্ঠিত বাফুফের এই নির্বাচনে অবশ্য কোনো প্যানেলই নিরংকুশ জয় পায়নি। সহ-সভাপতিসহ সদস্য পদগুলো ভাগাভাগি হয়েছে। ২১টির মধ্যে ১১টি পদ আমীন আহম্মদের প্যানেলের। সালাউদ্দিনের প্যানেল পেয়েছে বাকি ১০টি পদ।
সিনিয়র সহ-সভাপতি পদে জিতেছেন আমীন আহম্মদের প্যানেলের সালাম মুর্শেদী। তিনি হারিয়েছেন মনির আহমেদকে। সালাম পেয়েছেন ৭৪ ভোট, মনির আহমেদ ৩৭ ভোট। এখানেও একটি ভোট বাতিল হয়েছে।
চার সহ-সভাপতির তিনজনই আমীন আহম্মদের প্যানেলের। এরা হচ্ছেন বাদল রায় (৬২ ভোট), শওকত আলী খান জাহাঙ্গীর (৬২ ভোট) এবং কাজী নাবিল আহমেদ (৫৮ ভোট)। সালাউদ্দিনের প্যানেল থেকে নির্বাচিত একমাত্র সহ-সভাপতি মঞ্জুর হোসেন মালু। চার সহ-সভাপতির মধ্যে তিনিই সর্বোচ্চ ৬৭ ভোট পেয়েছেন।
১৫ সদস্যের মধ্যে সালাউদ্দিনের প্যানেল থেকে নির্বাচিত ৮ সদস্য হলেন - আনোয়ারুল হক হেলাল, সিরাজুল ইসলাম বাচ্চু, গোলাম রাব্বানি হেলাল, মকবুল হোসেন, আমীরুল ইসলাম বাবু, আজফারুজ্জামান সোহরাব, শফিকুজ্জামান এবং মাহবুবুর রহমান শাহিন।
আমীন আহম্মদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৭ জন - শেখ মোহাম্মদ আসলাম, হারুনুর রশিদ, ফজলুর রহমান বাবুল, শামসুল হক চৌধুরী, সত্যজিত দাস রূপু, হাসানুজ্জামান বাবুল, খোরশেদ আলম বাবুল।
সদস্যদের মধ্যে সর্বোচ্চ ৭৯ ভোট পেয়েছেন আসলাম।
সালাউদ্দিন তার নির্বাচনী প্রচারাভিযানে সবার কাছে সুযোগ চেয়েছিলেন। ফুটবলাঙ্গন তাকে সেই সুযোগটা দিয়েছে। আর তাই সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি,''আমি খুবই আনন্দিত। আমি সবার কাছে একটা সুযোগ চেয়েছিলাম। সেই সুযোগ দেয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ।''
আমীন আহম্মদ চৌধুরী পরাজয় মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন সালাউদ্দিনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২৩৩০ঘ.
bdnews24