মাদ্রিদ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)--- উৎসবের প্রস্তুতি নিয়েই রোববার মাঠে এসেছিল রিয়াল মাদ্রিদ সমর্থকরা। তাদের হতাশ করেনি বার্নড শুস্টারের দল, অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে ৩-০ গোলে। কিন্তু যে উৎসবের জন্য প্রস্তুতি, সেটা করা হয়নি তারপরও। করতে দেয়নি ভিলারিয়াল, নিজেদের ম্যাচে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়ে রিয়ালকে অপেক্ষায় রেখেছে তারা। স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শিরোপা জিততে আরো একটা ম্যাচ অপেক্ষায় থাকতেই হচ্ছে রিয়ালকে।
রোববারের জয়ের পর রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিলারিয়ালের ৬৫। চার ম্যাচ বাকি থাকতে দুদলের ব্যবধান ১০ পয়েন্টের। যার অর্থ---আগামী সপ্তাহে ওসাসুনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটা জিতলেই ৩১তম বারের মতো স্প্যানিশ লিগ শিরোপা যাবে রিয়ালের ঘরে। সেটা যেতে পারতো রোববারই, যদি না ভিলারিয়াল তাদের ম্যাচটা জিততে পারতো।
ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে নিজেদের কাজটা ঠিকই করে রেখেছিল রিয়াল। ১৩ মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার হাভিয়ের স্যাভিওলার গোলে এগিয়ে যায় তারা। বিরতির আগে আর গোল না পেলেও দ্বিতীয়ার্ধে আরেক আর্জেন্টাইন গনজালো হিগুয়েন নিশ্চিত করে দিয়েছেন রিয়ালের জয়। প্রথমে তার দুর্দান্ত পাস থেকে ৭৪ মিনিটে ডাচ ফরোয়ার্ড আরিয়েন রোবেন করেছেন রিয়ালের দ্বিতীয় গোল, আর তার তিন মিনিট পর হিগুয়েন নিজেই করেছেন তৃতীয়টি।
এই জয়ের পর বার্নাব্যুতে উৎসবের রঙ লাগতেই পারতো, কিন্তু সেটা হতে দেননি ভিলারিয়ালের মিডফিল্ডার মার্কোস সেন্না। তার গোলেই জয় পেয়ে শিরোপা জয়ের 'গাণিতিক সম্ভাবনা' বাঁচিয়ে রেখেছে ভিলারিয়াল।
এদিকে জার্মান 'বুন্দেসলিগা'য় বায়ার্ন মিউনিখ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। রোববার ভিএফবি স্টুটগার্টকে ৪-১ গোলে উড়িয়ে দেয়ায় ৩০ ম্যাচে বায়ার্নের সংগ্রহ এখন ৬৬ পয়েন্ট। কার্লশ্র"র সঙ্গে ৩-৩ গোলে ড্র করা ওয়ার্ডার ব্রেমেন ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে। যার অর্থ বাকি চার ম্যাচে মাত্র এক পয়েন্ট পেলেই ২১তম শিরোপা জয়ের উৎসবে মেতে উঠতে পারবে জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/এএআর/১৬২৮ঘ.
bdnews24