২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেপোর্তিভোর কাছে হেরে শিরোপা-স্বপ্ন শেষ বার্সেলোনার

শেষ যেটুকু সম্ভাবনা ছিল স্প্যানিশ প্রিমেরা লিগার শিরোপা ফিরে পাওয়ার, শনিবার রাতে লা করুনার রিয়াসোর স্টেডিয়ামে সেটুকুও বিসর্জন দিয়ে এসেছে বার্সেলোনা। প্রায় দ্বিতীয় সারির দল মাঠে নামিয়ে দেপোর্তিভো লা করুনার কাছে ০-২ গোলে হেরেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 03:28 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

লা করুনা, এপ্রিল ২৭ (রয়টার্স/বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)--- শেষ যেটুকু সম্ভাবনা ছিল স্প্যানিশ প্রিমেরা লিগার শিরোপা ফিরে পাওয়ার, শনিবার রাতে লা করুনার রিয়াসোর স্টেডিয়ামে সেটুকুও বিসর্জন দিয়ে এসেছে বার্সেলোনা। প্রায় দ্বিতীয় সারির দল মাঠে নামিয়ে দেপোর্তিভো লা করুনার কাছে ০-২ গোলে হেরেছে তারা। ম্যাচের দ্বিতীয়ার্ধে হুয়ান রড্রিগেজ আর পাবলো অ্যামোর দেয়া গোলে দেপোর্তিভো পেয়েছে গত ১৪ ম্যাচে তাদের দশম জয়। তবে তাদের জয়, অর্থাৎ বার্সেলোনার পরাজয়ে সবচেয়ে বেশি লাভ হয়েছে প্রিমেরা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের। রোববার রাতে দ্বিতীয় স্থানে থাকা ভিলা রিয়াল যদি রিয়াল বেটিসের কাছে হোঁচট খায় আর রিয়াল হারাতে পারে অ্যাথলেটিকো বিলবাওকে, তাহলে চার ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয় শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে তাদের। লা লিগা জয়ের সম্ভাবনাটা এত ক্ষীণ বলেই হয়তো বার্সা কোচ ফ্রাংক রাইকার্ড পরিকল্পনা শুরু করে দিয়েছেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিয়ে। মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচটির কথা ভেবেই কি না, এই ম্যাচে তিনি বিশ্রামে রাখেন স্যামুয়েল ইতো, লিওনেল মেসি আর জাভিকে। ইনজুরির কারণে দলে ছিলেন না রোনালদিনহো আর সাসপেনশনের কারণে আন্দ্রেস ইনিয়েস্তা ও গ্যাব্রিয়েল মিলিতো। এ ছাড়াও ডেকো, এরিক আবিদাল আর ভিক্টর ভালদেস এই ম্যাচ শুরু করেন সাইড বেঞ্চে বসে। দারুণ ফর্মে থাকা দেপোর্তিভোর বিপক্ষে শনিবারের বার্সেলোনাকে তাই অচেনাই মনে হয়েছে। ম্যাচ শুরুর পর থেকে গ্যালিসিয়ানদের জয়টা তাই খুব একটা অপ্রত্যাশিত ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/এসি/১২২৫ ঘ.