ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফাইনালটা একপেশে হতে দেয়নি সোনালী ব্যাংক। দ্বিতীয়ার্ধে দারুন খেলে লড়াইয়ে ফিরে এসে বড় অঘটনের সম্ভাবনা জাগিয়েও পারেনি। শেষপর্যন্ত ফেবারিট আবাহনীই দ্বিতীয়বারের মতো ক্লাব কাপ শিরোপা জিতেছে ফাইনালে ৪-৩ গোলে সোনালী ব্যাংককে হারিয়ে।
শনিবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দারুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনাল জিতে আবাহনী অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯৮ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে বেশিরভাগ সময়ই শিরোপা-বঞ্চিত থেকেছে নীল-আকাশীরা। এর আগে মাত্র একবার ক্লাব কাপ হকি শিরোপার সঙ্গে তাদের আলিঙ্গন হয়েছে, ২০০৪ সালে।
তাই মৌসুম শুরুর টুর্নামেন্টে এই জয়ে আবাহনীর খেলোয়াড়রা দারুন উদ্দীপ্ত। "শিরোপা সবসময় আনন্দের। তবে অনেক কম প্রস্তুতির পরও সবার পরিশ্রমের ফসল হচ্ছে এই ক্লাব-কাপ ট্রফি"--- বলেছেন আবাহনী অধিনায়ক মাহবুব এহসান রানা। তারপরও যেন পুরোপুরি সন্তষ্ট হতে পারছেন না, "অন্তত ৬ গোলে জেতা উচিত ছিল আমাদের। স্ট্রাইকারদের ব্যর্থতার কারণে আমরা সেটা পারিনি।"
আসলে যেভাবে শুরু করেছিল আবাহনী তাতে গোলের ব্যবধান অমনই হওয়ার কথা। প্রথম মিনিটে রাসেল মাহমুদ জিমি গোল করে এগিয়ে দেয় নীল-আকাশীদের। বাঁপ্রান্ত থেকে এহসান রানার ক্রসে গোলের সূচনা করেছেন আবাহনীর তরুণ স্ট্রাইকার। তারপর পেনাল্টি কর্ণার থেকে গোল করে মামুনুর রহমান চয়ন আবাহনীকে ২-০ গোলে এগিয়ে দেন। ১৮ মিনিটে মাজহারুল ইসলাম মোকসেদের গোলে ব্যবধান বেড়ে ৩-০ হলে স্বাভাবিকভাবে ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়ে সোনালী ব্যাংক।
কিন্তু প্রথমার্ধের দুর্বার আবাহনীকে আর দেখা যায়নি দ্বিতীয়ার্ধে। তাদের খেলার ছন্দপতনের সুযোগ নিয়েই সোনালী ব্যাংক ম্যাচে ফেরার চেষ্টা করে। এবং গোলও পেয়ে যায়, ৪৯ মিনেট রিমন কুমারের গোলে ব্যবধান কমে ৩-১ হয়। মিনিট তিনেক পরে ইকবাল নাদের আরেকটি গোল শোধ করলে আতংক ছড়িয়ে পড়ে আবাহনী শিবিরে। ৬০ মিনিটে তা একটু কমান আবাহনীর চয়ন পেনাল্টি কর্ণার থেকে নিজের দ্বিতীয় গোল করে। কিন্তু সোনালী ব্যাংকের চন্দন ৬৫ মিনিটে আরেকটি গোল শোধ করে দিলে ৪-৩ গোলে এগিয়ে থাকা আবাহনী শুধু শেষবাঁশির জন্য অপেক্ষা করছিল।
কারণ আবাহনীর ডিফেন্স বলে কিছু ছিল না দ্বিতীয়ার্ধে। তা এলোমেলো হয়ে গেছে সোনালী ব্যাংকের কয়েকটি আক্রমনে। আবাহনী অধিনায়কও স্বীকার করেছেন দ্বিতীয়ার্ধে ডিফেন্সের ভুলেই ম্যাচ হাতছাড়া হতে বসেছিল। সেজন্য তিনি খেলোয়াড়দের ফিটনেসের অভাবকে দায়ি করেছেন।
আর সোনালী ব্যাংক দলের অধিনায়ক আশিকুজ্জামানের আফসোস, "শুরুতে আবাহনীর আক্রমনের সঙ্গে পেরে না উঠলেও দ্বিতীয়ার্ধে ভাল খেলেও শেষপর্যন্ত আমাদের হারতে হয়েছে ম্যাচ টেম্পারামেন্টের অভাবের জন্য। বেশিরভাগ তরুন খেলোয়াড় বলেই এই সমস্যা হয়েছে আমাদের।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২১৩ঘ.
bdnews24