ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- স্বপ্নবিলাসী না হয়ে ফুটবলকে নিয়ে বাস্তবসম্মত স্বপ্ন দেখেন বাফুফের সভাপতি প্রার্থী আমীন আহম্মদ চৌধুরী। সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ফুটবলকে এশীয় মানে উন্নীত করা। এ লক্ষ্যে ২৩ টি পদক্ষেপের কথা উল্লেখ করে শনিবার নিজেদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে আমীনের প্যানেল।
স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতি প্রার্থী মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী পুরো ইশতেহার পাঠ করে শুনিয়েছেন। সেখানে প্রতি বছর আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্র"তি দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়ন এবং ব্যাংক ঋণের মাধ্যমে ক্লাবগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার ব্যাপারটি। জেলার ফুটবল উন্নয়ন ও নিয়মিতকরণের জন্য জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে আর্থিক অনুদান দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এসবের মূল উদ্দেশ্য একটিই, বাংলাদেশের ফুটবলকে এশীয় মানে উন্নীত করা।
সংবাদ সম্মেলনে আমীনের সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি পদপ্রার্থী সালাম মুর্শেদী, চার সহ সভাপতি পদপ্রার্থী বাদল রায়, কাজী নাবিল আহমেদ, নুরুল আলম চৌধুরী ও শওকত আলী খান জাহাঙ্গীর । তাদেরসহ পুরো প্যানেলকে পরিচয় করিয়ে দিয়েছেন আমীন আহম্মদ।
সংবাদ সম্মেলনে চলে এসেছে প্রতিপক্ষ প্যানেলের সভাপতি পদপ্রার্থী কাজী সালাউদ্দিনের অভিযোগের প্রসঙ্গটি। গত বৃহস্পতিবার তিনি বিওএ মহাসচিব ও প্রধান নির্বাহীর বিরুদ্ধে কাউন্সিলরদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ এনেছেন। বিওএ প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ ইতিমধ্যে তার জবাব দিলেও পরোক্ষভাবে এই অভিযোগের দায় আমীন আহম্মদের প্যানেলের ওপর বর্তায়। কিন্তু আমীনের প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী সালাম মুর্শেদী বলেছেন, "এটা অবাস্তব ও ভিত্তিহীন একটি অভিযোগ। আমরা সব ভোটারের কাছে যাচ্ছি, বিনীতভাবে ভোট চাইছি। সেখানে ভয়-ভীতি দেখানোর প্রশ্নই ওঠে না।"
উল্টো তিনি কাজী সালাউদ্দিনের প্যানেলের বিরুদ্ধে বাফুফেকে নির্বাচনী প্রচারে ব্যবহার করার অভিযোগ তুলেছেন। সাবেক তারকা সালাম মুর্শেদীর অভিযোগ, "প্রতিপক্ষ প্যানেলের লোকজন বাফুফের ফোন-ফ্যাক্স ও গাড়ি ব্যবহার করছেন নিজেদের নির্বাচনী কাজে।" এছাড়া বাফুফের মিডিয়া ম্যানেজার সাঈদ আল ফাতাহ'র দেওয়া একটি এসএমএস দেখিয়ে তিনি অভিযোগ করেছেন, "বাফুফের কর্মচারীদেরও তারা নিজেদের নির্বাচনে ব্যবহার করছে।" বৃহস্পতিবার কাজী সালাউদ্দিনের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সহ সভাপতি প্রার্থী মঞ্জুর হোসেন মালুর নির্দেশে নিজের মোবাইল থেকে সাংবাদিকদের এসএমএস পাঠিয়েছিলেন ফাতাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১১৫ঘ.
bdnews24