২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে দাঁড়ালেও ভোট দিতে পারবেন না ওরা ১২ জন!

গত ৫ বছর বাফুফের বর্তমান কমিটি প্রতিপক্ষদের যে এএফসি-ফিফার জুজু দেখিয়ে এসেছে এবার সেটা চেপে বসেছে নিজেদের ঘাড়ে ! তাদের সব ভাবনা-চিন্তা উলোট-পালট করে দিয়েছে এএফসির একটি চিঠি। যা কেড়ে নিয়েছে তাদের ভোটাধিকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- গত ৫ বছর বাফুফের বর্তমান কমিটি প্রতিপক্ষদের যে এএফসি-ফিফার জুজু দেখিয়ে এসেছে এবার সেটা চেপে বসেছে নিজেদের ঘাড়ে ! তাদের সব ভাবনা-চিন্তা উলোট-পালট করে দিয়েছে এএফসির একটি চিঠি। যা কেড়ে নিয়েছে তাদের ভোটাধিকার। এতদিন কারণে-অকারণে যাদের নমস্য মেনে এসেছে সেই ফিফা অনুমোদিত এএফসির নির্দেশ আমান্য করার ধৃষ্টতা নেই এই কমিটির লোকজনের। বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটি সভায় আলোচনা করে শেষে বিরস মনে মাথা পেতে নিয়েছেন নির্বাচনে অংশ নেওয়া এই কমিটির ১২ জন। বুধবার রাতে এএফসি একটি চিঠি পাঠিয়ে কেড়ে নিয়েছে বাফুফের বর্তমান কমিটির সদস্যদের ভোটাধিকার। বাফুফের মিডিয়া ম্যানেজার সাঈদ আল ফাতাহ জানিয়েছেন, "এএফসি জানিয়েছে বাফুফের লোকজন নির্বাচন করলেও ভোট দিতে পারবেন না। তারা যে প্রতিষ্ঠান থেকে কাউন্সিলার হয়েছেন সেই প্রতিষ্ঠানের অন্য কাউকে মনোনীত করতে হবে নিজেদের ভোটাধিকার প্রয়োগের জন্য।" বাফুফের গঠনতন্ত্রে স্পষ্ট করেই বলা আছে কমিটিতে থেকে নির্বাচন করলে ভোটাধিকার প্রয়োগ করা যাবে না। মানে ভোট দেওয়ার জন্য তাদের পদত্যাগ করতে হবে। সেটা মেনে বাফুফের ১৩ জন কিছুদিন আগে পদত্যাগপত্র দাখিল করলেও বাফুফে সভাপতি এস এ সুলতন সেগুলো গ্রহণ করেননি। কারণ ফিফা মাঝে একবার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিল যে, কমিটির কেউ পদত্যাগ করলে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ করা হবে। সেই ভয়ে পদত্যাগপত্র গ্রহণ না করে বাফুফে সভাপতি ফিফার কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। যার জবাবে ফিফার পরামর্শ ছিল ২৮ এপ্রিল সকালে বার্ষিক সাধারণ সভার পর দায়িত্ব বুঝিয়ে দিলেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন নির্বাচনে অংশ নেওয়া বাফুফে সদস্যরা। কিন্তু তারপর বুধবার এসেছে নতুন বিধিনিষেধের চিঠি। সেই অনুযায়ী বাফুফে সভাপতি এস এ সুলতান এস এ সুলতান ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল নির্বাচন না করলেও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। ভোট দেওয়ার জন্য লোক ভাড়া করতে হবে। এই দুজনের ব্যাপারটা যেনতেন, কিন্তু নির্বাচনে অংশ নেওয়া ১২ জনের জন্য খুব পীড়াদায়ক। নিজের ভোট নিজে দিতে পারবেন না, সেটা একটা দুঃখ। সঙ্গে সংশয় হচ্ছে মনোনীত ব্যাক্তি তার পছন্দ মতো ভোট দেবেন কি-না। গোপন ব্যালটে ভোট হবে এবং অনেক চড়া দামে যখন ভোট কেনা-বেচা শুরু হয়েছে তখন এই সংশয় থেকেই যাচ্ছে। তারা অবশ্য এএফসি ও ফিফার নির্বাচনী পর্যবেক্ষকদের কাছে নিজেদের আপত্তি তুলে ধরবেন। ২৮ এপ্রিল নির্বাচন পর্যবেক্ষণের জন্য শুক্রবার রাতে আসছেন এএফসির দুই প্রতিনিধি এএফসি সাধারণ সম্পাদক দাতো পলমনি ও লিগ্যাল সার্ভিসের অফিসার শারমিন পেরেরা। পরদিন আসবেন ফিফার দুই পর্যবেক্ষক দক্ষিণ এশীয় অঞ্চলের ফুটবল উন্নয়ন অফিসার মনিলাল ফার্নান্দো ও তার সহকারী কৃষাণ পেরেরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫৫ঘ.