ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- সুনির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করা হয়নি বলে কাজী সালাউদ্দিন, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও গোলাম রাব্বানী হেলালের বিরুদ্ধে অভিযোগ টেকেনি। সুবাদে তিনজনের আগামী ২৮ এপ্রিলের বাফুফে নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই।
বুধবার সন্ধ্যায় বাফুফে ভবনে শুনানির পর এই রায় দিয়েছে নির্বাচন কমিশন। তিনি সাবেক তারকার বিরুদ্ধে মনোনয়পত্রে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনেছিলেন চট্টগ্রাম ডিএফএ'র কাউন্সিলর শামসুল হক চৌধুরী। এই অভিযোগের শুনানির জন্য দ'পক্ষই আসে দুই ব্যারিস্টারকে সঙ্গে নিয়ে। ঘন্টা দেড়েক শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, "বিষয়টা আসলে আগেই চূড়ান্ত হয়ে গেছে। কারণ নির্ধারিত সময়ের মধ্যে তারা অভিযোগ জানাননি।" তখন সম্পূরক প্রশ্ন এসে যায়, আগে চূড়ান্ত হলে অভিযোগের ভিত্তিতে এত কিছু হলো কেন ? প্রধান নির্বাচন কমিশনারের জবাব,"উনারা (শামসুল হক চৌধুরীর পক্ষ) যেন আমাকে পক্ষপাতদুষ্ট মনে না করেন সেজন্যই আমি শুনানির ব্যবস্থা করেছি।"
বাফুফে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাজী সালাউদ্দিন পক্ষের আইনজীবি ব্যারিস্টার তানিয়া আমীর বলেছেন, "সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট অভিযোগ জানাননি তারা। বছাইয়ের আগেই অভিযোগ করতে হবে। নির্বাচন কমিশন যখন সবকিছু চূড়ান্ত করে ফেলেছে তখন অভিযোগ করলে হবে না।" উল্লেখ্য গত ২১ এপ্রিল ছিল মনোয়নপত্র বাছাইয়ের দিন। তারপর আবার তানিয়া আমীর বলেছেন, "তাছাড়া কোনো প্রমাণপত্রও পেশ করতে পারেননি অভিযোগকারী। এবং তাকে যে হয়রানিমূলকভাবে জেলে নেওয়া হয়েছিল সেটা সবার জানা। সেটা মুখ্য হলে সরকার তাকে স্বর্ণপদক দেয় কীকরে?"
অভিযোগটা ২৬ বছর আগের এক অনাকাঙ্খিত ঘটনার জের ধরে। ১৯৮২ সালে তৎকালীন স্বৈর সরকার মাঠের ঘটনাকে কেন্দ্র করে সালাউদ্দিন, চুন্নু ও গোলাম রাব্বানী হেলালকে জেলে পাঠিয়েছিল। দণ্ডপ্রাপ্ত হলেও তারা বাফুফে নির্বাচনের মনোয়নপত্রে তা উল্লেখ করেননি আর সেজন্যই মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠেছিল।
অবশ্য শামসুল হক চৌধুরীর আইনজীবি ব্যারিস্টার ওমর সাদাত বলেছেন, "আমার সুবিচার পাইনি। তথ্য গোপন করা নিয়ে কোনো আলোচনাই হয়নি। সময়ের অজুহাত দেখিয়ে আমাদের অভিযোগ বাতিল করে দিয়েছে। অথচ মনোনয়পত্র জমা দেওয়ার পর বাছাইয়ের আগেই অভিযোগ করা হয়েছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩৫ঘ.
bdnews24