২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মিনিটের আত্মঘাতী গোলে লিভারপুলের সঙ্গে ড্র করলো চেলসি

অস্ট্রিয়ান রেফারি যখন শেষ বাঁশি বাজানোর জন্য ঘড়ি দেখতে শুরু করেছেন, তখনও হাসছেন লিভারপুলের সমর্থকরা। 'অলরেড'দের জয় যে তখন হাতের মুঠোয়! কিন্তু সেই হাসি মুছে গেল ওই ইনজুরি সময়েই জন আর্নি রিজের আত্মঘাতী গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

লিভারপুল, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)--- অস্ট্রিয়ান রেফারি যখন শেষ বাঁশি বাজানোর জন্য ঘড়ি দেখতে শুরু করেছেন, তখনও হাসছেন লিভারপুলের সমর্থকরা। 'অলরেড'দের জয় যে তখন হাতের মুঠোয়! কিন্তু সেই হাসি মুছে গেল ওই ইনজুরি সময়েই জন আর্নি রিজের আত্মঘাতী গোলে। ওই গোলে শুধু জয়-বঞ্চিতই হয়নি লিভারপুল, এর ফলে মঙ্গলবার রাতে তাদেরই মাঠে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র করে ফাইনালে ওঠার সম্ভাবনায় এগিয়ে গেছে চেলসি। এখন প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়েই দ্বিতীয় লেগ খেলতে নামবে তারা। চেলসির বিপক্ষে সেমিফাইনাল মানেই লিভারপুলের জয়, এই ম্যাচেও সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছিল। শুরুর কয়েক মিনিট বাদ দিলে পুরো ম্যাচে পরিস্কার প্রাধান্য ছিল লিভারপুলের। বেশ কিছু সুযোগও এসেছিল। চেলসির গোলরক্ষক পেত্র চেক-এর দৃঢ়তায় সবই নষ্ট হয়। নিজের মাঠে লিভারপুল গোলের দেখা পায় বিরতির দু মিনিট আগে। জাভি আলোনসোর চকিতে নেয়া ফ্রি কিকে বল যায় ডার্ক কুটের কাছে। কুটের ক্রসে বল বক্সে গেলে হেড করে ক্লিয়ার করতে যান জন টেরি। বল পেয়ে যান ল্যাম্পার্ড। চেলসির ডিফেন্ডার কিছু বুঝে ওঠার আগেই ছুটে এসে তার কাছ থেকে বল কেড়ে নেন কুট, পাস বাড়ান আলোনসোর কাছে। তারপর হাভিয়ের মাসচেরানোর শট, ম্যাকেলেলের হেড হয়ে বল আবার কুটের কাছে এলে ডাচ স্ট্রাইকার গোলরক্ষক পেত্র চেকের পায়ের ফাঁক দিয়ে জাল কাঁপান। তারপর থেকে জয়ের স্বপ্ন জিইয়ে রাখার মতোই খেলেছে লিভারপুল। পেত্র চেক বেশ কিছু দুর্দান্ত সেভ না করলে হয়তো বড় ব্যবধানেই জিততো তারা। শেষ পর্যন্ত সুযোগগুলো কাজে লাগাতে না পারার খেসারতই দিতে হয় তাদের। শেষ বাঁশির কয়েক মুহুর্ত আগে কর্ণার ফ্ল্যাগের কাছ থেকে উঁচু করে বলে বক্সে ফেলেছিলেন চেলসির বদলি খেলোয়াড় সলোমন কালু। হেড করে ক্লিয়ার করতে গিয়ে সেই বলই জালে জড়িয়ে দেন ৬২ মিনিটে ফাবিও অরেলিওর জায়গায় খেলতে নামা রিসে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসি/১৭৩৪ ঘ.