২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ প্রিমেরা লিগায় শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রেসিং সান্তান্দারকে ২-০ গোলে হারিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছে তারা। সেই প্রতিদ্বন্দ্বী কিন্তু এখন আর বার্সেলোনা নয়, এদিনই রিয়াল ভ্যালাদোলিদকে ২-০ গোলে হারিয়ে বার্সাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিলারিয়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 03:35 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

মাদ্রিদ, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)--- স্প্যানিশ প্রিমেরা লিগায় শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার রেসিং সান্তান্দারকে ২-০ গোলে হারিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছে তারা। সেই প্রতিদ্বন্দ্বী কিন্তু এখন আর বার্সেলোনা নয়, এদিনই রিয়াল ভ্যালাদোলিদকে ২-০ গোলে হারিয়ে বার্সাকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভিলারিয়াল। প্রতিপক্ষের মাঠে খেলতে নেমেও রিয়াল শুরু থেকেই ছিল জয়ের পথে। ১৩ মিনিটে রবিনহোর ক্রস থেকে রাউলের গোলে এগিয়ে যায় তারা। চ্যাম্পিয়নস লিগ খেলার স্বপ্ন দেখতে থাকা রেসিং অবশ্য ঠিক স্বস্তি দেয়নি বার্নড সুস্টারের দলকে, কিন্তু প্রায় সারা ম্যাচ সমানে সমানে লড়লেও গোলের দেখা পায়নি তারা। উল্টো ইনজুরি সময়ে গনজালো হিগুয়েনের গোলে নিশ্চিত হয়েছে রিয়ালের জয়। ভ্যালাদোলিদের বিপক্ষে ভিলারিয়ালের জয় এসেছে নিহাত কাহভেচি আর স্যান্টি কাজোরলার যুগলবন্দীতে। ১৬ মিনিটে কাজোরলার পাস থেকে কাহভেচির গোলে এগিয়ে গেছে তারা, আর বিরতির পর প্রথম মিনিটেই তাদের দ্বিতীয় গোলটি কাহভেচির পাস থেকে করেছেন কাজোরলা। ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭২, ভিলারিয়ালের ৬২ আর বার্সেলোনার ৬১। এদিকে ইতালিয়ান সিরি-আ'র শিরোপা জয়ের পথে এগিয়ে চলেছে ইন্টার মিলান। রোববার হুলিও ক্রুজের দেওয়া একমাত্র গোলে তোরিনোকে হারিয়েছে তারা। আগের দিন লিভর্নোর সঙ্গে ১-১ গোলে ড্র করা নিকটতম প্রতিদ্বন্দ্বী এএস রোমার চেয়ে এখন ৬ পয়েন্ট এগিয়ে তারা, বাকি আছে মাত্র চারটি করে ম্যাচ। এদিনের অন্য একটি ম্যাচে আলেসান্দ্র ডেলপিয়েরোর হ্যাটট্রিকের সুবাদে আটলান্টাকে ৪-০ গোলে হারিয়েছে তৃতীয় স্থানে থাকা জুভেন্টাস, আর দুটি পেনাল্টিসহ কাকার তিনগোলে পঞ্চম স্থানে থাকা এসি মিলান ৫-১ গোলে জিতেছে রেজিনার বিপক্ষে। রিয়াল আর ইন্টার মিলান যে স্বপ্ন দেখছে, রোববারই সেই স্বপ্ন পূরণ করে ফেলেছে ডাচ লিগের পিএসভি আইন্দহোফেন আর বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিয়েগ। রোববার ভিটেজ আর্নহেমকে একমাত্র গোলে হারিয়ে ডাচ লিগে টানা চতুর্থ আর সবমিলিয়ে ২১তম শিরোপা জয় নিশ্চিত করেছে পিএসভি। অন্য দিকে গতবারের চ্যাম্পিয়ন আন্ডারলেখটকে ২-০ গোলে হারিয়ে ২৫ বছর পর বেলজিয়ান লিগের শিরোপা জিতেছে লিয়েগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/০৯১৯ ঘ.