২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের কথা শুনিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সালাউদ্দিন-আমিন

রোববার বাফুফে ভবন হয়ে গিয়েছিল স্বপ্ন-গীতির মঞ্চ। ভবন-উদ্যানে দাঁড়িয়ে সভাপতি পদপ্রার্থী কাজী সালাউদ্দিন বলেছেন নিজের ফুটবল-পরিকল্পনার কথা। বলেছেন প্রতিপক্ষ আমিন আহমেদ চৌধুরীও। পার্থক্য হচ্ছে, একজনের স্বপ্ন অনেকদিনের লালিত আর অন্যজন সতীর্থদের স্বপ্নে রাঙিয়েছেন নিজের চোখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 04:57 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- রোববার বাফুফে ভবন হয়ে গিয়েছিল স্বপ্ন-গীতির মঞ্চ। ভবন-উদ্যানে দাঁড়িয়ে সভাপতি পদপ্রার্থী কাজী সালাউদ্দিন বলেছেন নিজের ফুটবল-পরিকল্পনার কথা। বলেছেন প্রতিপক্ষ আমিন আহমেদ চৌধুরীও। পার্থক্য হচ্ছে, একজনের স্বপ্ন অনেকদিনের লালিত আর অন্যজন সতীর্থদের স্বপ্নে রাঙিয়েছেন নিজের চোখ। স্বপ্ন দেখার ধরন ভিন্ন হলেও ফুটবল উন্নয়নের অভিন্ন লক্ষ্য নিয়ে কাজী সালাউদ্দিন ও মেজর জেনারেল (অব.) আমীন আহমেদ চৌধুরী সদলবলে এসে নিজেদের প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সালাউদ্দিনের নির্বাচন করার পরিকল্পনা অনেক আগের হলেও তার প্যানেলের মনোনয়নপত্রের সংখ্যা দেখলে অবশ্য তা মনে হয় না। ২১টি পদের জন্য তার প্যানেল থেকে ৩৩টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বাফুফের নতুন গঠনতন্ত্রে সভাপতি পদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি সহ সভাপতি পদ। সেগুলোই এখনো চূড়ান্ত করতে পারেননি সালাউদ্দিন-হেলালরা। ঠিক হয়েছে কেবল সিনিয়র সহ-সভাপতি পদের জন্য মনির আহমেদের নাম। বাকি চারটি সহ-সভাপতি পদের প্রার্থীতার জন্য নিজেদের মধ্যে প্রাথমিক প্রতিদ্বন্দ্বীতায় নেমেছন গোলাম রসুল মোল্লা, মঞ্জুর হোসেন মালু, অনোয়ারুল হক হেলাল, অশারাফউদ্দিন আহমেদ চুন্নু, সিরাজুল ইসলাম বাচ্চু ও আব্দুর রহিম। ইগোর লড়াই এতটাই চরমে যে দফায় দফায় সভা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এই অনিশ্চয়তার কথা ভেবে ফোরাম-নেতা মোল্লা ছাড়া বাকি পাঁচজন সদস্য পদেও মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছেন। তুলনায় আমীন আহমেদের "সম্মিলিত পরিষদে" এত ঝামেলা নেই। বিশিষ্ট ক্রীড়াসংগঠক হারুনুর রশীদ-ই যখন সহ-সভাপতি পদের দাবি ছেড়ে দিতে পারেন তখন তো অযৌক্তিক দাবি জোরালো হওয়ার সুযোগ থাকে না। সেজন্যই সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচন করার সুযোগ পেয়েছেন সাবেক ফুটবল তারকা সালাম মুশের্দী। ধারণা করা হচ্ছে সভাপতির পর মনির-মুর্শেদীর লড়াইটা বেশ জমবে। তাদের বাকি চার সহ সভাপতি পদের জন্য অবশ্য প্রার্থী পাঁচজন---সাবেক তারকা ফুটবলার বাদল রায়, কাজী নাবিল আহমেদ, নুরুল আলম চৌধুরী, শওকত আলী খান জাহাঙ্গীর ও আনোয়ার হোসেন উজ্জ্বল। তবে এদের মধ্যে সদ্য সাবেক হওয়া বাফুফের যুগ্ম সম্পাদক উজ্জ্বলের নির্বাচনে অনাগ্রহের কথা বেশ শোনা যাচ্ছে। সহ-সভাপতি পদে ঢাকার সংগঠকদের গুরুত্ব দেওয়া হলেও সাধারণ সদস্য পদে ফোরামেরই সংখ্যাধিক্য। ১৫টি সাধারণ সদস্যের জন্য তারা জমা দিয়েছে ২০টি মনোনয়নপত্র, যেখানে জেলা ও বিভাগের ১৪ জন। সেখানে সালাউদ্দিনের প্যানেলে আছে ৯ জন। তারা সাধারণ সদস্য পদে ২০টি মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছে। আরেকটি ব্যাপার বেশ বিসদৃশ ঠেকেছে সবার কাছে। সেটা হচ্ছে সালাউদ্দিনের সঙ্গে সাবেক তারকাদের উপস্থিতি তেমন নেই। তারা সঙ্গী হয়েছেন আশরাফ উদ্দিন চুন্নু ও মোহাম্মদ মহসীন। অথচ আমীন আহমেদের প্যানেলে সালাম মুশের্দী, বাদল রায় ছাড়াও সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন শেখ মোহাম্মদ আসলাম, খোরশেদ বাবুল, সত্যজিৎ দাস রূপু ও মিরাজ। এছাড়াও তাদের সমর্থন জানাতে হাজির হয়েছিলেন সাবেক-বর্তমানের আরো অনেক তারকা। সব মিলিয়ে ৬০টি মনোনয়নপত্র জমা পড়লেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ চোহারা পায়নি কোনো প্যানেল। অপেক্ষা করতে হবে আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত। তবে প্যানেল যা-ই হোক, যতো তারকাই থাকুক আগামী ২৮ তারিখের বাফুফের নির্বাচনে সবাই কাতর-কন্ঠে ভোটপ্রার্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২৫ঘ.