লন্ডন/মাদ্রিদ/বার্লিন, ২০এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)--- আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হওয়ার ঠিক আগের ম্যাচে ড্র করেছে দুদলই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আর বার্সেলোনার জন্য সেই ড্রয়ের মানে মোটেই একই রকম নয়। শনিবার ৮৮ মিনিটে কার্লোস তেভেজের দেওয়া গোলে ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ড্র করেও ম্যানইউ এগিয়েই রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে। অন্য দিকে একই শহরের প্রতিদ্বন্দ্বী এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শিরোপা লড়াইয়ে আরো পিছিয়ে পড়েছে বার্সেলোনা। জার্মান কাপের ফাইনালে বায়ার্ন মিউনিখের জয়যাত্রায় অবশ্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। ইতালিয়ান স্ট্রাইকার লুকা টনির দুই গোলে বরুসিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে এ মৌসুমে 'ডাবল' জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে বায়ার্ন।
ঘরের মাঠে প্যারাগুয়ের স্ট্রাইকার রকে সান্টাক্রুজের ২১ মিনিটের গোলে ম্যান ইউকে হারানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল রোভার্স। তাদের সেই স্বপ্ন পূরণ হলে সবচেয়ে বেশি লাভ হতো চেলসির। আগামী সপ্তাহে 'রেড ডেভিল'দের মুখোমুখি হওয়ার আগে তাহলে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থাকতো 'ব্লুজ'। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে কর্নার থেকে তেভেজের হেডে পাওয়া গোলে হার এড়িয়ে ম্যানইউ এখন ৩ পয়েন্ট এগিয়ে। ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ৮১, চেলসির ৭৮। শনিবারের অন্য দুই গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনাল ২-০ গোলে রেডিংকে আর লিভারপুল ২-০ গোলে ফুলহ্যামকে হারিয়েছে। ৭৪ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান তৃতীয়। তাদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে লিভারপুল দাঁড়িয়ে চতুর্থ স্থানে।
একই দিনে বাড়ির পাশের ক্লাব এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করে স্প্যানিশ লিগের শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকেই পড়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বল দখলের লড়াইয়ে 'বার্সা' অনেক এগিয়ে থাকলেও আসল কাজ অর্থাৎ গোলটাই করতে পারেনি। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তাকে নামিয়েও কোনো সুফল পাননি তাদের কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড। সেজন্য অবশ্য এসপানিওল গোলকিপার কার্লোস কামেনির দায়ও কম নয়। মেসি ও স্যামুয়েল এ'তোর একাধিক প্রচেষ্টা রুখে দিয়ে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দিয়েছেন তিনি। আর তাই ৩৩ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে 'বার্সা'র স্প্যানিশ লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন প্রায় শেষ। এক ম্যাচ কম খেলে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে। রোববার রিয়াল রেসিং সান্তানদারকে হারালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে ১১ পয়েন্টের ব্যবধান দাঁড়াবে। রোববারই ৫৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা ভিলারিয়াল মুখোমুখি হবে ভ্যালাদোলিদের।
বার্সেলোনা তবু ড্র করতে পেরেছে, অ্যাটলেটিকো মাদ্রিদ আর সেভিয়া তা-ও পারেনি। শনিবার অ্যাটলেটিকোকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে রিয়াল বেটিস, আর সেভিয়া ৪-১ গোলে হেরেছে আলমেইরার কাছে। তারপরও ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে অ্যাটলেটিকো। ষষ্ঠ স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৫১। দু দলের মাঝখানে আছে রেসিং, তাদের পয়েন্ট ৫৩।
জার্মান কাপের ফাইনালে ১১ মিনিটেই বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন লুকা টনি। গোলটা ধরে রেখে জার্মানির সফলতম ক্লাব যখন জয়োৎসবের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই তা বাধাপ্রাপ্ত! ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে ম্লাদেন পেত্রিচের গোল সমতা ফিরিয়ে আনে ম্যাচে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি বরুসিয়ার। ১০৩ মিনিটে লুকা টনির দ্বিতীয় গোল গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। বরুসিয়া আর সমতা তো আনতে পারেইনি বরং দ্বিতীয় বার পিছিয়ে পড়ার মিনিট পাঁচেক পর তারা পরিণত হয় দশ জনের দলে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে ব্লাসজিকোস্কি বেরিয়ে যাওয়ার পর তারা আর পেরে ওঠেনি বায়ার্নের সঙ্গে। আর তাই বায়ার্নের সামনে এখন এ মৌসুমে 'ডাবল' জয়ের হাতছানি। জার্মান কাপের শিরোপা তো জিতেছেই। 'বুন্দেসলিগা' অর্থাৎ জার্মানির লিগেও ৫ ম্যাচ হাতে রেখে ১০ পয়েন্টের লিড নিয়ে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে তারা। বায়ার্নের এই দুর্দান্ত সাফল্যের অন্যতম রূপকার নিঃসন্দেহে লুকা টনি। বায়ার্নের পক্ষে অভিষেক মৌসুমে এখন পর্যন্ত ৩৫ গোল করে তিনি গত চার মৌসুমে তৃতীয় বারের মতো 'ডাবল' জয়ের স্বপ্ন দেখাচ্ছেন দলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/এসএইচ/এএআর/১৬৫০ঘ.
bdnews24