ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অনেক রকমের হিসাব-নিকাশে ভীষণ বিপদে এখন বাফুফের নির্বাচনী প্যানেল দুটো। আগামী শনিবার মনোনয়নপত্র কেনার সময়সীমা ফুরোলেও প্যানেল চূড়ান্ত করতে হিমসিম খাচ্ছেন হেলাল-বাদলরা। একদিকে ফোরামের চোখ-রাঙানি, অন্যদিকে পাঁচ সহ-সভাপতির পদ চূড়ান্ত করা নিয়েই মূলত বিপদটা।
এক পক্ষের সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের নাম বহুল আলোচিত ও প্রচারিত হলেও নির্বাচনী নেতৃত্বে তিনি পিছিয়ে। নির্বাচনী কৌশলগুলো তার মাথায় নাকি ওরকম খুলে না, ঠিক যেমন খুলে আনোয়ারুল হক হেলালের মথায়। সুবাদে বাফুফের এই সাবেক সাধারণ সম্পাদকই নেতৃত্বে। আর পক্ষটিকে খুব সহজে চেনা যাবে বাফুফের বর্তমান কমিটির নির্বাচনী সংস্করণ বললে।
আগামী ২৮ এপ্রিল বাফুফে নির্বাচনে তাদের সিনিয়র সহ-সভাপতি যথারীতি মনির আহমেদ। যিনি ইতিমধ্যে প্রাক-নির্বাচনী খরচের মধ্য দিয়ে "অর্থ-খনি" হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন ক্রীড়াঙ্গনে। বাকি চার সহ-সভাপতি পদের প্রার্থীতার জন্য মঞ্জুর হোসেন মালুর নাম অনেকটাই চূড়ান্ত। বিপদে পড়া কাজী সালাউদ্দিনকে নিজের ক্লাব ইয়ংমেন্স ফকিরেরপুল থেকে কাউন্সিলর হওয়ার সুযোগ দেওয়ার সুবাদেই এ পুরস্কার পেয়েছেন বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সিরাজুল ইসলাম বাচ্চু বর্তমান কমিটির সহ-সভাপতি, তার সঙ্গে নিজেদের স্বার্থ অক্ষুন্ন রেখে গঠনতন্ত্র তৈরির ব্যাপারটা তার দাবিকে আরো জোরালো করেছে। তৃতীয়জন বাফুফের পদত্যাগী সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, যার নেতৃত্বগুন পুরো প্যানেলকে সংগঠিত করেছে। বাকি থাকে একটি সহ-সভাপতি পদ, সেটার জন্য প্রার্থী দুজন--- আব্দুর রহিম, গোলাম রসুল মোল্লা ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। তিন জনের মধ্যে চুন্নুর সুবিধার জয়াগা -- তিনি সালাউদ্দিনের স্নেহধন্য। কিন্তু বর্তমান সহ সভাপতি আব্দুর রহিমের দিকে প্রতিপক্ষের হাতছানি আছে, সুতরাং এটা ভয় হিসেবেও কাজ করছে নেতাদের মধ্যে। তার চেয়ে জোরালো হয়ে উঠেছে অবশ্য মোল্লা-ভীতি। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সংগঠন ফোরামের নেতা গোলাম রসুল মোল্লার হাতে অনেক ভোট। আর সেখানেই ভয়, সহ-সভাপতি পদে মোল্লা উপেক্ষিত হলে যদি জেলার ভোট ঘুরে যায়।
তবে এসব নিয়ে আনোয়ারুল হক হেলাল প্রকাশ্যে কিছু বলতে চান না, প্যানেল ঘোষণার অপেক্ষায় থাকতে বলেন। বাকি ১৫টা সাধারণ সদস্য পদে অবশ্য জেলা ও বিভাগীয় ফোরামের লোকজনই সংখ্যা-গরিষ্ঠ থাকবে। এদের সঙ্গে ঢাকার মোজাম্মেল হক, গোলাম রাব্বানী হেলাল, আজফার-উজ জামান সোহরাব, আমীরুল ইসলাম বাবু, আজিম বাদল, কামরুন নাহার ডানারা থাকবেন।
এদের চেয়ে অনেক অগোছালো অবস্থা বাদল রায়দের প্যানেলের। ৫টি সহ-সভাপতি পদের দাবিদার হয়েছেন আবাহনীর কাউন্সিলর কাজী নাবিল আহমেদ, মোহামেডানের সালাম মুর্শেদী, হারুনুর রশিদ, বাদল রায়, শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর একরামুল করিম চৌধুরী, রাজশাহী বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর মাহমুদ জামাল ও ঢাকা ওয়ান্ডারার্সের কাউন্সিলর মাহবুব শাহীন। এই আট জনের মধ্যে প্রথম চার জনের জায়গা একরকম চূড়ান্ত বলে শোনা গেলেও পট পরিবর্তনের সম্ভাবনা থেকেই যাচ্ছে। কারণ প্রতিপক্ষের ঘর-ভাঙ্গার চেষ্টা অব্যাহত থাকবে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন পর্যন্ত।
তারা বিপাকে পড়েছে ফোরামকে নিয়ে। সেখানে নাকি সালাউদ্দিন-হেলালদের অনুসারীর সংখ্যা বেশি। অবশ্য বাদল রায়ের পক্ষের ফজলুর রহমান বাবুল অভিযোগ করেছেন, "ওরা (প্রতিপক্ষ) অনেক টাকা-পয়সা খরচ করে ভোট কিনছে। আমরা তো সে পথে যাবো না।" ভোট কেনাবেচার প্রমাণ পাওয়া না গেলেও প্যানেল ঘোষনার আগেই হেলালরা হোটেল পূর্বানী ও হ্যারিটেজে উদরপূর্তি করিয়েছেন কাউন্সিলরদের।
এ নিয়েই দলের অনেকে ভাবলেও বাদল রায়দের পক্ষের সভাপতি প্রার্থী মেজর জেনারেল (অব.) আমীন আহমেদ চৌধুরীর নাকি টাকার খেলায় অনাগ্রহ। সঙ্গী-সাথীদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের মন জোগানোর চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.
bdnews24