লন্ডন, ১৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো খেলা ছিল না। তবু ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি-উইগান অ্যাথলেটিক ম্যাচে শেষ পর্যন্ত 'রেড ডেভিল'রাই বিজয়ী! কারণ এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোলে উইগানের সঙ্গে ১-১ গোলে ড্র করায় শিরোপা-দৌড় থেকে বেশ পিছিয়ে পড়েছে চেলসি। ম্যানচেস্টারের চেয়ে 'ব্লুজ' এখন পাঁচ পয়েন্টে পিছিয়ে। ইংলিশ লিগের আর মাত্র চার রাউন্ড বাকি।
ঘরের মাঠে একাধিক সুযোগ নষ্ট করারই মাশুল দিতে হয়েছে চেলসিকে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৫ মিনিটে তারা এগিয়ে যায় মাইকেল এসিয়েনের গোলে। প্রথমার্ধে নিকোলাস আনেলকার দু-দুটো হেড লক্ষ্যভ্রষ্ট না হলে আগেই লিড নিতে পারতো তারা। এগিয়ে যাওয়ার পরও স্বাগতিকদের গোল মিসের মহড়া থেমে থাকেনি। জন টেরির শট পোস্টে লাগার পর সলোমন কালুর জোরালো শট ফিরিয়েছেন উইগানের গোলকিপার ক্রিস কার্কল্যান্ড। তার পরও জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল চেলসি। কিন্তু ইনজুরি সময়ে এমিল হেস্কির লক্ষ্যভেদ তিন পয়েন্ট পাওয়ার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে তাদের। সেই সঙ্গে শিরোপা লড়াই থেকে পিছিয়ে দিয়েছে অনেকখানি।
হেস্কির ঐ গোলটার জন্যই ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানইউ এখন অনেকখানি নিশ্চিন্ত। চেলসির সংগ্রহ ৭৫ পয়েন্ট। আর শনিবার ম্যানইউ'র কাছে হেরে যাওয়ায় ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান তৃতীয়। তবে পাঁচ পয়েন্টের ব্যবধান হলেও এখনই হাল ছেড়ে দিতে রাজি নন চেলসির কোচ অ্যাবরাম গ্রান্ট, "আমরা লড়াই চালিয়ে যাব। যদিও এই ফল আমাদের মোটেও সাহায্য করেনি। দ্বিতীয়ার্ধে এই মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্স ছিল আমাদের। প্রতি তিন/চার মিনিটেই আমরা সুযোগ সৃষ্টি করেছি। কিন্তু এটাই তো ফুটবল। ওরা একটা কি দুটো সুযোগ থেকে গোল পেয়ে গেছে। তাই এটা খুবই হতাশাজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১০ঘ.
bdnews24