লন্ডন, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা অক্ষুন্ন রাখার পথে বড় এক ধাপ এগোলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা ২-১ গোলে হারিয়েছে আর্সেনালকে।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ইমানুয়েল আদেবায়োরের বিতর্কিত এক গোলে এগিয়ে গেলেও লিডটা ৬ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি আর্সেনাল। ৫৪ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে সমতায় ফেরে ম্যানইউ। আর ৭২ মিনিটে ওয়েন হারগ্রিভসের গোল জয় এনে দেয় 'রেড ডেভিল'দের। ৩৪ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তাদের শিরোপা-স্বপ্ন এখন অনেকখানি উজ্জ্বল। আর সমান ম্যাচে ৭১ পয়েন্টে দাঁড়িয়ে থাকা আর্সেনালের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন অনেকখানি ফিকে।
এর আগে স্টিভেন জেরার্ড, ফার্নান্দো তরেস ও আন্দ্রেই ভোরোনিনের লক্ষ্যভেদে লিভারপুল ৩-১ গোলে হারিয়েছে ব্ল্যাকবার্ন রোভার্সকে। ফলে ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে 'অলরেড'রা। এই রাউন্ডে সোমবার চেলসি নিজেদের মাঠে স্বাগত জানাবে উইগান অ্যাথলেটিককে। ৭৪ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ইংলিশ লিগের আর চার রাউন্ড বাকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩২১ঘ.
bdnews24