ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দু'বেলা কঠিন অনুশীলন করে তৈরি হচ্ছে চ্যালেঞ্জ কাপের বাংলাদেশ দল। যাদের কাছে বড় কিছু প্রত্যাশা না করে শুধু ভাল খেলার দাবি জানাচ্ছেন কোচ আবু ইউসুফ।
বিকেএসপিতে আবাসিক ক্যাম্প চলছে এই দলের। প্রায় সপ্তাহদুয়েক প্র্যাকটিসের পর বাংলাদেশের নতুন কোচ বলছেন, "খেলোয়াড়দের ফিটনেসের অনেক উন্নতি হয়েছে। তবে সময়ের অভাবে প্র্যাকটিসে ঘাটতি থাকবে। সেজন্য এখন থেকে একবেলা প্র্যাকটিস রেখেছি সূচীতে। আশা করি খেলতে যাওয়ার আগে আগে মোটামুটি অবস্থানে চলে আসবে।" ২৮ জন ডাক পেলেও ইনজুরির কারণে জুমরাতুল ইসলাম ও জাহিদ হোসেন যোগ দেননি ক্যাম্পে। অবশিষ্ট ২৬ জনের দলে আবুল হোসেন ও রজনীর "সামান্য ইনজুরি" বাদ দিলে বড় কোনো সমস্যা নেই।
আগামী ৫ থেকে ১০ মে কিরঘিজস্তানে অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস, আফগানিস্তান ও স্বাগিতক কিরঘিজস্তান। তিনি প্রতিপক্ষ নিয়ে আবু ইউসুফের মূল্যায়ন হচ্ছে, "দলগুলো এমন আহামারী কিছু নয়, পার্থক্য হবে ১৮-২০। তাই আমাদের ভাল করার সুযোগ আছে যথেষ্ট। সবার কাছে আমার একটাই প্রত্যাশা, ফল যা-ই হোক অন্তত ভাল ফুটবল খেলতে হবে।"
ভাল ফুটবলের সূত্র হচ্ছে সমান তালে ওপরে-নীচে ওঠানামা করে খেলা। কোচের স্টাইল হচ্ছে, "প্রত্যেক ফুটবলারকে সবসময় খেলার মধ্যে থাকতে হবে, বল পায়ে থাক কিংবা না-থাক। বাংলাদেশের খেলায় দেখা যায় দুজন আক্রমণে উঠলে অন্যরা নীচে পড়ে থাকে, তাতে অংশ নেয় না। যে কারণে আক্রমণগুলো নিস্ফলা হয় বেশিরভাগ সময়। ডিফেন্স করতে গেলেও ওপরের ফুটবলারদের নীচে নেমে আসতে হবে।" এভাবে ওঠা-নামা করে খেলতে গেলে সর্বোচ্চ পর্যায়ের ফিটনেস লাগে। সেটা কতটুকু কী হবে বলা মুশকিল। কারণ সময়ের অভাবে ফিটনেস ট্রেনিং ও বল প্র্যাকটিস একসঙ্গে করতে হচ্ছে।
কোচ আরেকটা বড় সমস্যা চিহ্নিত করেছেন। স্টো হচ্ছে জোরালো শট নেই আমাদের খেলোয়াড়দের পায়ে। দলে নেই কোনো অভিজ্ঞ স্ট্রাইকারও, তরুন জাহিদ হাসান এমিলি ও রবিনই ভরসা। কোচ অবশ্য শুধু তাদের কাছ থেকে গোল আশা করেন না, "বিকেলের সেশনে সবাইকে দিয়ে শুটিং প্র্যাকটিস করানো হয়। গোলের জন্য সবাইকে ঝাঁপাতে হবে।"
কিন্তু এসব প্র্যাকটিসের পর কতটুকু উন্নতি হয়েছে তা দেখার বিশেষ সুযোগ নেই। প্র্যাকটিস ম্যাচ নেই বলে। কোচ আবু ইউসুফ অবশ্য চেষ্টা করছেন প্র্যাকটিস ম্যাচের ব্যবস্থা করতে, "সপ্তাহদুয়েক পর আবাহনীর সঙ্গে একটি প্র্যাকটিস ম্যাচ খেলা যায় কিনা দেখি। একটা ম্যাচ হলে অন্তত খেলোয়াড়দের অবস্থা বুঝতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.
bdnews24