ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- উত্তরসূরীদের চেয়ে নিজেকে অনেক সফল বাফুফে সভাপতি দাবি করলেও এস এ সুলতান নির্বাচন না করার ইঙ্গিত দিয়েছেন।
বুধবার মিডিয়ার সঙ্গে মতবিনিময় সভায় এই দাবি ও ইঙ্গিত নিয়ে নিয়ে এসেছিলেন বাফুফে সভাপতি। বাফুফের পক্ষ থেকে আগে সংবাদ সম্মেলন বলা হলেও সম্মেলনের চরিত্র ছিল গরহাজির, বরং সুলতান শুরু থেকেই রক্ষণাত্মক মেজাজ নিয়ে সাংবাদিকদের কাছেই শুনতে চেয়েছেন তার শাসন-আমলের খামতির কথা !
শুভ উদ্যোগ। সমস্যা হচ্ছে শাসন আমলের প্রান্তে এসে তার মাথা খুলতে শুরু করেছে। যখন কারো বুদ্ধি নিয়েও কিছু করার সুযোগ নেই। যখন সুলতান একেবারে নিঃসঙ্গ। তার সভাপতিত্বে বর্তমান কমিটির সংবাদ সম্মেলন করার ঘোষণা থাকলেও বাফুফে সভাপতির সঙ্গে কেউ আসেননি। তিনি লিখিতভাবে গত ৫ বছরের কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে নিজেকে এবং এই কমিটিকে সফল হিসেবে ব্যাখ্যা করতে চেয়েছেন। আবার যখন বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তখন ব্যর্থতার দায়ও খানিকটা মাথা পেতে নিচ্ছেন। যেমন গত ৫ বছরে ফেডারেশন কাপ হয়েছে মাত্র দুবার, এটা কী সাফল্য? "না, এখানে কম হয়ে গেছে। অতীতের তুলনায় ফেডারেশন কাপটা কম হয়েছে"--- এই স্বীকারোক্তির পাশাপাশি তিনি শেরেবাংলা কাপ ফুটবলের বেলায় কৃতিত্ব দাবি করেছেন। সেজন্য অতীতকে পাশে রাখতে হয়েছে, "শেরেবাংলা কাপ জাতীয় ফুটবল আমরা দুবার (২০০৪ ও ২০০৬) আয়োজন করেছি। এটা অতীতের সঙ্গে তুলনা করলে কম হয়েছে বলে মনে হয় না। আসলে টুর্নামেন্ট আয়োজন করতে অনেক অর্থ লাগে, সেটা যোগাড় করা হয়ে ওঠেনি বলেই সমস্যা।"
কী এক অদ্ভুত ব্যাপার, সাদা চোখে দেখা যাচ্ছে না সুলতানের সাফল্য। বারবার অতীতের সঙ্গে তুলনায় যেতে হচ্ছে তাকে। কারণ সাদা চোখের জরিপে বাংলাদেশের ফুটবলের হতশ্রী অবস্থা ধরা পড়ছে চারদিকে। গ্রামে-গঞ্জেও ফুটবলের প্রচলন উঠে যাচ্ছে, খেলোয়াড়দের পেশা বদলে ফেলার খবর শিরোনাম হচ্ছে। এই বাস্তবতায় দাঁড়িয়েও বর্তমান কমিটির লোকজন নিজেদের সাফল্য খুঁজছেন !
খুঁজছেন কারণ আগামী ২৮ এপ্রিল বাফুফে নির্বাচন। যার কাছে জমা আছে বাংলাদেশের ফুটবলের ভূত-ভবিষ্যৎ। তাতে প্রার্থীতা নিয়ে সুলতান সোজাসুজি কিছু বলেননি, "আমি আগেও বলেছি নির্বাচনে আমার আগ্রহ নেই। তবে মনোনয়ন পত্র নেওয়া জমা দেওয়ার সময় এখনো অনেক বাকি।" কেমন যেন ধোঁয়াশা! এটাকে সুলতানের নির্বাচন না করার ইঙ্গিত হিসেবেও ধরা যায়। সেটা আরও পরিষ্কার হলো যখন তিনি বললেন, "সরকারের সঙ্গে ভাল সম্পর্ক না থাকলে সভাপতি হওয়া উচিত নয়।" সুলতানের সমস্যা হচ্ছে এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মামের আনুকুল্য থাকলেও খুব সম্ভব বর্তমান সরকারের আশীর্বাদ তিনি পাচ্ছেন না নির্বাচনে। বরং সরকারের আশীবার্দপুষ্ট হিসেবে মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরীর নাম প্রচারিত হতে শুরু করেছে মঙ্গলবার রাত থেকে।
এ খবরই যেন এস এ সুলতানের সব সম্ভাবনার দুয়ার রুদ্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে সটকে পরেছেন এতদিনের বাফুফে-বন্ধুরাও। "নির্বাহী ক্ষমতায় থাকা সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক মঞ্জুর হোসেন মালুকে বলেছিলাম আমার সঙ্গে সংবাদ সম্মেলনে আসতে। কিন্তু তারা অসম্মতি জানিয়েছে, আমি একাই এসেছি "--- বলেছেন নিঃসঙ্গ বাফুফে সভাপতি। কমিটির অন্যরা যে দিকে জোট বেঁধেছে সেদিকেও সুলতান ব্রাত্য !
তাই দিনশেষে সুলতান নিজেই নিজের বিচারক হয়ে বলছেন,"আগের সভাপাতিদের তুলনায় আমি অনেক সফল। তবে নিজের সন্তুষ্টির বিচারে আমি ৫১ শতাংশ সফল হয়েছি বলে মনে করি।"
পরিস্থিতি যা তাতে বাকি ৪৯ শতাংশ পূরণের সুযোগ বোধহয় অদূর ভবিষ্যতে পাচ্ছেন না এস এ সুলতান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.
bdnews24