লন্ডন, ৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও ওয়েইন রুনির লক্ষ্যভেদও জয় এনে দিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডকে। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে মিডলসবরোর সঙ্গে ২-২ গোলে ড্র করায় দ্বিতীয় স্থানে চেলসির চেয়ে তারা এখন মাত্র ৩ পয়েন্টে এগিয়ে রইলো।
মিডলসবরোর মাঠে ১০ মিনিটে লিগে রোনালদোর ২৭তম গোলে এগিয়ে গেলেও অগ্রগামিতা ধরে রাখতে পারেনি ম্যানইউ। আলফনসো আলভেসের দুই গোলে উল্টো স্বাগতিকরাই ২-১ গোলে এগিয়ে যায় এক সময়। ৭৪ মিনিটে রুনি সমতা ফেরানোর পর বর্তমান চ্যাম্পিয়নরা একের পর এক আক্রমণ করে মিডলসবরোকে দিশেহারা করে দিলেও জয়সূচক গোল আর পায়নি। তারপরও ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে 'রেড ডেভিল'রাই লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। শনিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের জয় পাওয়া চেলসির পয়েন্ট ৭৪। একই দিন লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করা আর্সেনাল ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দাঁড়িয়ে। চতুর্থ স্থানে থাকা লিভারপুলের ৬৩ পয়েন্ট। ইংলিশ লিগের আর পাঁচ রাউন্ড বাকি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ.
bdnews24