২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের সঙ্গে ড্র করে আরো পিছিয়ে পড়লো আর্সেনাল

আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন এখন আরো ধূসর! শনিবার নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করায় শিরোপা-লড়াইয়ে বেশ পিছিয়ে পড়লো তারা। আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 04:37 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

লন্ডন, ৫ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন এখন আরো ধূসর! শনিবার নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লিভারপুলের সঙ্গে ১-১ গোলে ড্র করায় শিরোপা-লড়াইয়ে বেশ পিছিয়ে পড়লো তারা। আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে চেলসি। গত বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনাল-লিভারপুল ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। কাকতালীয়ভাবে এবারের ইংলিশ লিগে দু দলের আগের লড়াইয়ের ফলও ছিল একই! শনিবার প্রথমার্ধের ৪০ মিনিটে পিটার ক্রাউচের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৫৪ মিনিটে সেস্ক ফ্যাব্রেগাসের ফ্রিকিক থেকে নিকোলাস বেন্ডনারের হেড সমতায় ফেরায় স্বাগতিকদের। কিন্তু এর পর আর কেউ লক্ষ্যভেদ করতে না পারায় এ মৌসুমে তৃতীয় বারের মতো ১-১ গোলে শেষ হয় আর্সেনাল-লিভারপুল লড়াই। ড্র করায় ৩৩ ম্যাচে আর্সেনালের পয়েন্ট দাঁড়ালো ৭১। শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে আছে তারা। এই রাউন্ডে রোববার ম্যানইউ'র প্রতিপক্ষ মিডলসবরো। অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চেলসির হয়ে গোল দুটো করেন সলোমন কালু ও রিচার্ড ডান। ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে 'ব্লুজ'। চতুর্থ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৩। এদিকে ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠেছে পোর্টসমাউথ। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে দ্বিতীয় বিভাগের দল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে। ৫৪ মিনিটে নওয়ানকো কানুর লক্ষ্যভেদই ৫৯ বছর পর এফএ কাপের ফাইনালে পৌঁছে দিয়েছে পোর্টসমাউথকে। রোববার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় বিভাগের দুই দল কার্ডিফ সিটি ও বার্নসলি। ১৭ মে ওয়েম্বলিতে হবে ফাইনাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৮ঘ.