২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিওএ-এর নির্বাচনপূর্ব উত্তেজনার ছাপ কিন্তু নেই ফলাফলে!

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহ তৈরি করে শোচনীয়ভাবে হেরে গেলেন গোলাম কুদ্দুস চৌধুরী বাবু। তাকে ৪৯-২৪ ভোটের ব্যবধানে হারিয়ে চার বছরের জন্য বিওএ মহাসচিব হলেন কুতুব উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 05:42 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহ তৈরি করে শোচনীয়ভাবে হেরে গেলেন গোলাম কুদ্দুস চৌধুরী বাবু। তাকে ৪৯-২৪ ভোটের ব্যবধানে হারিয়ে চার বছরের জন্য বিওএ মহাসচিব হলেন কুতুব উদ্দিন আহমেদ। এর সঙ্গে কেটে গেলো "ভারপ্রাপ্ত" শব্দজনিত তার অস্বস্তিও। ২০০৪ সালে বিওএ মহাসচিব জাফর ইমামের মৃত্যুর পর এই দায়িত্ব চাপে সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদের ঘাড়ে। অবশেষে ওই অস্বস্তি থেকে মুক্ত হয়ে বৃহস্পতিবার থেকে কুতুব উদ্দিন আহমেদ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচিত মহাসচিব। এই নির্বাচন এ ক'দিন ক্রীড়াঙ্গনে বেশ উত্তাপ ছড়িয়েছিল। নানামুখী হিসাব-নিকাশ এবং বিভিন্ন ইস্যু কুতুবের নির্বাচনকে কঠিন করে তুলেছিল। এসবের ইতিবাচক প্রভাবে গোলাম কুদ্দুস চৌধুরীকে শক্তিশালী করলেও ব্যালটে তার প্রমাণ মেলেনি। ৭৬ ভোটের মধ্যে ৭৪ ভোট জমা পড়লেও একটি ভোট বাতিল হওয়ার পর ভোটের ব্যবধানের যে হিসেব দাঁড়িয়েছে তা একটা অসম লড়াইয়েরই ছবি হয়ে আছে, ৪৯-২৪! বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব হিসেবে এই হার নিশ্চয়ই গোলাম কুদ্দুস চৌধুরীর মনেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ ক'দিনের নির্বাচনী হাওয়া কিংবা প্রতিশ্র"তি সবই কী তাহলে লোক দেখানো ? সেদিকে না গিয়ে গোলাম কুদ্দুস চৌধুরী প্রতিপক্ষকে অভিনন্দন জানিয়ে পরাজয় স্বীকার করে নিয়েছেন, "কুতুব ভাইকে আমার অভিনন্দন। পরাজয়টাকে আমি সহজ ভাবেই মেনে নিয়েছি। বিওএ-তে আমার কোনো সাহায্য-সহযোগিতার প্রয়োজন হলে আমি অবশ্যই এগিয়ে আসবো।" বিজয়ী কুতুব উদ্দিন আহমেদও নির্র্দ্বিধায় বলেছেন, "বাবু ভাইকে সঙ্গে নিয়ে কাজ করবো আমি।" আর ক্রীড়াঙ্গন নিয়ে তার পরিকল্পনা হচ্ছে, "অলিম্পিক ইভেন্টগুলো তো আছেই। অপ্রচলিত খেলাগুলোর চর্চা শুরুর চেষ্টা করবো।" বিওএ-কে সুশৃঙ্খল সংগঠন হিসেবে দাবি করে এবার পেশাদারীত্ব আনার অঙ্গীকার করেছেন তাতে কুতুব উদ্দিন আহমেদ, "এখন বিওএ তে আর্থিক শৃঙ্খলা আছে। আছে জবাবদিহিতা ও স্বচ্ছতা। এবার আমরা এই প্রতিষ্ঠানে পেশাদারিত্ব আনার চেষ্টা করবো।" পেশাদারিত্ব মানে তিনি নিয়মিত বিওএ-তে না এলেও যেন তার কুপ্রভাব না পড়ে কর্মকান্ডে। মূল আকর্ষণটা ছিল মহাসচিব নির্বাচন, কিন্তু আরো তিনটি সাধারণ সদস্য পদেও নির্বাচন হয়েছে। বিভাগীয় প্রতিনিধির এই তিন পদে চারজন প্রতিদ্বন্দ্বীতা করে জিতেছেন ঢাকা বিভাগের কুতুব উদ্দিন আকসির (৬৫ ভোট), চট্টগ্রামের লিলি আজিজ (৫০ ভোট) ও বরিশালের আসাদুজ্জামান খসরু (৪৩ ভোট)। হেরেছেন প্রয়াত জাফর ইমামের স্নেহধন্য রাজশাহীর মাহমুদ জামাল (৩৭ ভোট)। বৃহস্পতিবারের নির্বাচনের পর বিওএ সভাপতি জেনারেল মইন উ আহমেদের নেতৃত্বে চূড়ান্ত হয়ে গেল ৩৩ জনের কমিটি। যেখানে ২৯ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আগেই। কিন্তু এখনো খালি আছে চারটি পদ, অবশ্য পূরণ করা সম্ভব মাত্র দুটো পদ--- একটি অলিম্পিয়ান, অন্যটি অলিম্পিক ডিসিপ্লিনভুক্ত চতুর্দশ সদস্য পদটি। বাকি দুটোতে সম্ভব নয়, কারণ বাংলাদেশের কোনো আইওসি সদস্য নেই এবং জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা থেকে তৃতীয় কোনো কাউন্সিলর নেই। নির্বাচন ভালোয় ভালোয় শেষ হয়ে গেলেও নির্বাচনের কিছু শিক্ষাও আছে। প্রধান শিক্ষাটা অবশ্যই গঠনতন্ত্র সংক্রান্ত। খোদ প্রধান নির্বাচন কশিনার ব্রিগেডিয়ার জেনারেল শওকাত হোসেন বলেই ফেলেছেন, "এই গঠনতন্ত্র নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে তাতে বেশ কিছু সংশোধনী আনা দরকার।" জবাবে নতুন মহাসচিব কুতুব উদ্দিন আহমেদও প্রতিশ্র"তি দিয়েছেন, "গঠনতন্ত্রের একটি খসড়া তৈরি করা হয়েছে। এটার ওপর আমরা একটা কর্মশালা করবো সাংবাদিক-সংগঠকদের উপস্থিতিতে। তারপরই চূড়ান্ত অনুমোদনের জন্য তা আইওসিতে পাঠাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০৫ঘ.