ঢাকা, এপ্রিল ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকা দেখে অনেকেই বিস্মিত। নির্বাচনের প্রার্থীতার ব্যাপারে যেসব অনিয়মের কথা গুঞ্জন হয়ে হাওয়ায় ভাসছিল সবগুলোরই প্রতিকার হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শওকাত হোসেনের নেতৃত্বে নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে ত্র"টিমুক্ত একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে ভিন্ন কারণে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়ে ভোটাভুটির অপেক্ষায় আছে মহাসচিব ও তিনটি সাধারণ সদস্য পদ। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৩ টা পর্যন্ত ভোটগ্রহন হবে এই চারটি পদের জন্য।
২০০১ সালের পর এই প্রথম নির্বাচন। সাত বছর অপেক্ষার পর আসা নির্বাচন নিয়ে উত্তেজনা থাকবে স্বাভাবিক; সেই উএত্তজনা আরও বাড়িয়ে দিয়েছে মহাসচিব পদ নিয়ে লড়াইয়ের তীব্রতা। এই হেভিওয়েট লড়াইয়ে সামিল হয়েছেন বর্তমান কমিটির পদত্যাগী ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ এবং সাবেক মহাসচিব গোলাম কুদ্দুস চৌধুরী বাবু। ৭৬ জন কাউন্সিলরের মধ্যে কার জনপ্রিয়তা বেশি তা বলা মুশকিল। ৩৭ সদস্যের কমিটিতে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ২৯ জন বাদে বাকি ৪৭ জন কাউন্সিলরদের মধ্যে বাবুর পাল্লাই নাকি ভারী। কারণ তারা কুতুব উদ্দিনের আনুকুল্য পাননি, যে কারণে কমিটিতে জায়গাও হয়নি।
তবে এটাও সত্য কুতুব উদ্দিন আহমেদ এই ক'দিন ভোটারদের সঙ্গে যে নিবিড় যোগাযোগ রেখেছেন সেটা তাকে অনেকটা এগিয়েও দিতে পারে। তিনি নিজেও স্বীকার করেছেন, "আগে আমি আসলে সেভাবে সময় দিতে পারিনি বিওএতে। নির্বাচিত হলে আমি প্রতিদিনই অফিস করার চেষ্টা করবো।" ভারপ্রাপ্ত মহাসচিব হয়ে বিওএ-তে সময় না দেওয়াটাই কুতুব উদ্দিনের বিরুদ্ধে বড় অভিযোগ। তিনি সময় না দেওয়ায় বিওএ-এর একজন বেতনভুক্ত কর্মচারী হয়ে উঠেছেন প্রতিষ্ঠান তথা ক্রীড়াঙ্গনের দণ্ডমুণ্ডের কর্তা। তার হুমকি-ধামকিতে রীতিমতো অসহায় অবস্থা হতো নামী-দামী সংগঠকদের। ব্যালটে এই ক্ষোভের প্রতিফলন যেন না ঘটে তার জন্য প্রাণান্ত চেষ্টা করছেন কুতুব উদ্দিন আহমেদ। রাগ-ক্ষোভ পানি করে দিতে তার সর্বশেষ আয়োজন হচ্ছে বুধবার রাতে পাচঁতারা হোটেলে কাউন্সিলরদের জন্য ডিনার পার্টি। তবে ভোট কেনাবাচার ব্যাপারটি অস্বীকার করছেন তিনি।
প্রতিপক্ষ গোলাম কুদ্দুস চৌধুরীর অবশ্য সেরকম কোনো অয়োজন নেই। প্রতিদিন ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছেন, সঙ্গে সাংগঠনিক স্বচ্ছতার প্রতিশ্র"তি দিয়েছেন। '৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করা এই সংগঠক অনেক বড় স্বপ্ন দেখছেন, "ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিওএ-এর অনেক কিছু করার আছে। সেনাপ্রধানের কথা অনুযায়ী গ্রামেগঞ্জে খেলাধুলা চালু করাই আমার উদ্দেশ্য। তাছাড়া আগে আমাদের সময়ে যেরকম আর্থিক স্বচ্ছতা ছিল সেটা থাকবেই, এর সঙ্গে পুরো প্রতিষ্ঠানের কাজের গ্রহণযোগ্যতা তৈরি করতে চাই।"
মহাসচিব পদ ছাড়া আরো তিনটি সাধারণ সদস্য পদে ভোটাভুটি হবে চারজনের মধ্যে। চার বিভাগীয় প্রতিনিধি হলেন ঢাকার কুতুব উদ্দিন আকসির, রাজশাহীর মাহবুব জামাল, বরিশালের আসাদুজ্জামান খসরু ও চট্টগ্রামের লিলি আজিজ। চারজনই কুতুবের প্যানেলের হলেও শেষজনকে মহিলা কোটায় কমিটিতে রাখতে গিয়ে গোলমাল লাগে। নির্বাচন কমিশন জানিয়ে দেয় বিভাগীয় প্রতিনিধি হয়ে কাউন্সিলর হয়ে কেউ মহিলা কোটায় ঢুকতে পারবে না। কারণ গঠনতন্ত্র অনুযায়ী বিভাগীয় প্রতিনিধিদের জন্য তিনটি সাধারণ সদস্য পদ রাখা হয়েছে কমিটিতে।
এরকম যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে গেছে আব্দুস সাত্তার নিনি ও রাফিয়া আক্তার ডলির মনোয়নপত্র। নিনিকে কাউন্সিলর করা হয়েছে অলিম্পিয়ান হিসেবে। কিন্তু এই শুটার কখনো অলিম্পিক গেমসে অংশ নেননি। শুরু থেকেই এ নিয়ে বলাবলি হলেও বিওএ তা পাত্তা দেয়নি। কিন্তু নির্বাচন কমিশন নিনির মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। কারণ তার কাউন্সিলশিপই অবৈধ। বাতিল হয়েছে রাফিয়া আক্তার ডলির মনোনয়নপত্রও। যুক্তি হচ্ছে, বিওএ প্রেসিডেন্ট কিংবা ক্রীড়া মন্ত্রণালয় প্রধানের কোটায় কাউন্সিলর হওয়াদের সাধারণ সদস্য পদে নির্বাচন করার কোনো সুযোগ নেই গঠনতন্ত্রে। এই সদস্য পদটা অলিম্পিক ডিসিপ্লিনভুক্ত ফেডারেশনেরই পাওয়ার কথা। গঠনতন্ত্র অনুযায়ী ১৪ টি ফেডারেশন থেকে সদস্য নেওয়ার কথা থাকলেও নেওয়া হয়েছে ১৩ ফেডারেশন থেকে। মানে আপতত দুটো পদ খালি, পরে আবার নির্বাচন হতে পারে পদ-দুটো পূরণের জন্য।
কিন্তু পুরো সময় খালি থাকবে দুটো পদ। একটি আইওসি সদস্য ও অন্যটি জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির। এই সংস্থা থেকে দুজন প্রতিনিধির সদস্য হওয়ার নিয়ম থাকলেও এখন সুযোগ নেই। মহিলা ক্রীড়া সংস্থার দুই প্রতিনিধির একজন সংগঠনের সভানেত্রী মুশফিকা ইফকাত সহ সভাপতি হয়ে যাওয়ায় বাকি একজন কামরুন নাহার ডানা সাধারণ সদস্য হয়েছেন। এই সংস্থার তৃতীয় একজন কাউন্সিলর থাকলে হয়তো পদটি পূরণ হতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.
bdnews24