২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি আর্সেনাল-লিভারপুল

দু দলের ফুটবল-লড়াইয়ের ইতিহাস সুদীর্ঘ ১১৫ বছরে। এই দীর্ঘ সময়ে আর্সেনাল ও লিভারপুল ১৯৯ বার মুখোমুখি হয়েছে একে অন্যের। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, কোনো ইওরোপীয় ক্লাব টুর্নামেন্টে কখনোই দেখা হয়নি দু দলের! সেই বন্ধ্যাত্ব ঘুচতে যাচ্ছে অবশেষে। এবং সেটাও ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

লন্ডন/ইস্তানবুল, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দু দলের ফুটবল-লড়াইয়ের ইতিহাস সুদীর্ঘ ১১৫ বছরে। এই দীর্ঘ সময়ে আর্সেনাল ও লিভারপুল ১৯৯ বার মুখোমুখি হয়েছে একে অন্যের। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, কোনো ইওরোপীয় ক্লাব টুর্নামেন্টে কখনোই দেখা হয়নি দু দলের! সেই বন্ধ্যাত্ব ঘুচতে যাচ্ছে অবশেষে। এবং সেটাও ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। বুধবার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দু দলের লড়াইটা তাই জন্ম দিতে যাচ্ছে নতুন এক ইতিহাসের। অন্য কোয়ার্টার ফাইনালে আরেক ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ তুরস্কের ফেনারবাচে। ম্যাচটা হবে ইস্তানবুলে। মজার ব্যাপার হলো, আর্সেনাল ও লিভারপুলকে ৭ দিনের মধ্যে আরো দু বার মুখোমুখি হতে হবে। আগামী শনিবার এমিরেটসেই ইংলিশ প্রিমিয়ার লিগের পর মঙ্গলবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আবারো লড়তে হবে দু দলকে। বুধবার অবশ্য কাউকেই এগিয়ে রাখা যাচ্ছে না। এ সপ্তাহে ইংলিশ লিগে জয় পেয়েছে দু দলই। যদিও আর্সেনালের জয়টা অনেক বেশি বীরত্বব্যঞ্জক। শনিবার বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে দুই গোলে পিছিয়ে পড়েও দশ জন নিয়ে ৩-২ গোলের জয় লিভারপুলের বিপক্ষে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে 'গানার'দের। ঐ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে নামা ইমানুয়েল আদেবায়োরের বুধবার প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত। এ মৌসুমে ২৩টি গোল করা টোগোর এই স্ট্রাইকারের অন্তর্ভুক্তিও আর্সেনালের জন্য বড় এক অনুপ্রেরণার উৎস। আর্সেনালের জন্য যেমন আদেবায়োর লিভারপুলের জন্য তেমনি ফার্নান্দো টরেস। লিভারপুলের জার্সি গায়ে প্রথম বারের মতো খেলতে নেমেই হৈ-চৈ ফেলে দিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। এ মৌসুমে এখন পর্যন্ত তার ২৮টি গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ চার ম্যাচেই গোল করে প্রমাণ করেছেন কতটা ভালো ফর্মে আছেন তিনি। লিভারপুলের কোচ রাফায়েল বেনিটেজও টরেসকে দিয়েই বাজিমাত করতে চাইছেন বুধবার, "আর্সেনাল বুঝতে পারবে যে টরেস দুর্দান্ত ফর্মে আছে এবং গোলও করছে। ওদের জন্য সে এক বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। ফার্নান্দো (টরেস) নিজেও ভালো মতো জানে যে আমরা ভালো খেললে সে গোল করবেই। তাই সে-ও দলের জন্য কঠোর পরিশ্রম করছে। এটা ইওরোপীয় প্রতিযোগিতা বলেই সে ভালো খেলার পাশাপাশি গোলও করতে চাইছে।" লিভারপুলের সমস্যা আসলে অন্যখানে। ২০০০ সালের পর তারা কখনো আর্সেনালের মাঠে জয় পায়নি। বুধবার সেই ব্যর্থতার বৃত্ত থেকে 'অলরেড'রা বেরিয়ে আসতে পারবে তো! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৩ঘ.