লন্ডন ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এখনো আট ম্যাচ বাকি। তারপরও কেউ কেউ হয়তো প্রিমেরা লিগার চ্যাম্পিয়ন হিসেবে দেখতে শুরু করেছেন তাদের। তাদেরই বা দোষ দেবেন কিভাবে, রোববার সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় দলের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেছে তারা! এত এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত শিরোপা-দৌড়ে রিয়ালের পিছিয়ে পড়াকে কারো কারো কাছে প্রায় অসম্ভব মনে হতেই পারে।
রিয়াল বেটিসের কাছে ২-৩ গোলে হেরে যাওয়ায় প্রিমেরা লিগা পয়েন্টতালিকার দ্বিতীয় স্থান আগের দিনই হারিয়ে বসে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদকে সেদিনই ০-৩ গোলে হারানোয় ৫৯ পয়েন্ট নিয়ে ওই জায়গায় উঠে আসে ভিলা রিয়াল। রিয়াল মাদ্রিদের পয়েন্ট তখন ৬২। কিন্তু রোববার গ্যাব্রিয়েল হেইন্জ, রাউল গঞ্জালেস আর গঞ্জালো হিগুয়াইনের গোলে রিয়াল বেটিসকে সহজেই হারিয়ে দেওয়ায় রিয়ালের পয়েন্ট বেড়ে হয়েছে ৬৫।
ওদিকে ইতালিয়ান সিরি 'আ'-তে শনিবার লাৎসিওর সঙ্গে ১-১ গোলে ড্র করে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মিলান। সেটা অবশ্য একদিনের পুরোনো খবর। রোববার ছিল রোমা-পার্মার ম্যাচ। কিন্তু দু'দলের সমর্থকদের মধ্যে বচসার এক পর্যায়ে দুর্ঘটনাক্রমে এক পার্মা-সমর্থক মারা যাওয়ায় ম্যাচটি স্থগিত হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৩৩৩ ঘ.
bdnews24