ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- একদিন আগে বাফুফে গঠনতন্ত্র বৈধ হয়ে গেলেও এ নিয়ে বিতর্ক এখনো চলছে। কিন্তু এএফসি প্রেসিডেন্টের চোখে নতুন এই গঠনতন্ত্র হচ্ছে "বাংলাদেশের ফুটবলে শৃঙ্খলা ও স্থিতাবস্থা" ফিরিয়ে আনার একটি মাধ্যম।
এএফসি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন হাম্মাম শনিবার বাফুফে ভবন সংলগ্ন বালুর মাঠে সিন্থেটিক টার্ফ বসানোর কাজের উদ্বোধন করেছেন। তারপর বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিতর্কিত গঠনতন্ত্র নিয়ে বলেছেন, "বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য শৃঙ্খলা ও স্থিতাবস্থা খুব দরকার। সেজন্য ভাল একটি গঠনতন্ত্র দরকার। আর এই গঠনতন্ত্র যখন ভারত ও জাপানে প্রয়োগ করা গেছে বাংলাদেশেও তা সম্ভব।" তিনি সুকৌশলে এড়িয়ে গেছেন সরকার-বিবর্জিত ডিএফএ গঠনের বিষয়টি। এমনকি বাফুফের কমিটিতেও সরকারি লোকজনের অন্তর্ভুক্তির কোনো সুযোগ রাখা হয়নি নতুন গঠনতন্ত্রে। অথচ বাফুফের নিজস্ব কোনো অবকাঠামো নেই, সরকারি অবকাঠামোই ব্যবহার করতে হয় তাদের।
ফিফা গোল প্রোজেক্ট -২ এর অধীনে বাংলাদেশে বসছে সিন্থেটিক টার্ফ। এজন্য বাংলাদেশ পাচ্ছে ৪ লাখ ডলার। আর বরিশালে ফুটবল সেন্টার তৈরির জন্য ফিফার সুনামি ফান্ড থেকে পাচ্ছে আড়াই লাখ ডলার। এই ফুটবল সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে শনিবার, করেছেন এএফসি সেক্রেটারি দ্যাতো পলমনি।
এই সাহায্য অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন ফিফা গোল ব্যুরোর প্রধান মোহাম্মদ বিন হাম্মাম। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, "তার সঙ্গে কথা বলে এবং ফুটবল নিয়ে তার আগ্রহ দেখে আমি মুগ্ধ। তাকে কথা দিয়েছি এএফসি-ফিফার হয়ে আমি সব ধরনের সাহায্য-সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো বাংলাদেশকে।"
এএফসির "ভিশন এশিয়া" প্রোজেক্টের স্বপ্নদ্রষ্টা হাম্মাম। যার মাধ্যমে তিনি স্বপ্ন দেখেন, "এশিয়ার ফুটবল একদিন ইওরোপের মতো এগিয়ে যাবে। ইওরোপের মানে যেতে হয়তো সময় লাগবে। কিন্তু নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই আমরা।" বাংলাদেশও "ভিশন এশিয়া"র আওতায় ঢুকে গেছে, কিন্তু ফল হয়েছে উল্টো। ৫/৬ মাসের বেশি ফুটবল খেলা হয় না, খেলোয়াড়রা ফুটবল ছেড়ে বিকল্প পেশায় ঝুঁকছেন। সব মিলিয়ে বাংলাদেশের ফুটবলে অধোগতির ছাপ স্পষ্ট। কিন্তু হাম্মাম বলেছেন, "বাংলাদেশে এখনো ভিশন এশিয়ার প্রয়োগ পুরোপুরি হয়নি। ফুটবলের উন্নয়নের জন্য ক্লাবগুলোকে আরো শক্তিশালী হতে হবে, পুরো দেশে যুব ফুটবলের বিস্তার ঘটাতে হবে। এসব কিছু ৫/৬ বছর ভালভাবে চললে পার্থক্যটা দেখা যাবে।"
এই কমিটির অধীনে ফুটবল যে মোটেও সুরক্ষিত ছিল না তার একটা প্রমাণ হচ্ছে এএফসি কাপ থেকে অবনমন ঘটে বাংলাদেশ এখন এএফসি চ্যালেঞ্জ কাপে। সেজন্য বাংলাদেশের খেলোয়াড়রা দায়ী নয়, দায়ী কর্মকর্তারা। এএফসি প্রধান যেভাবে বলেছেন, "এই অবনমন শুধু খেলার জন্য নয়, এখানকার অবকাঠামোগত সমস্যাই ভূমিকা রেখেছে। দুর্ভাগ্যজনক হচ্ছে, এখানে খেলে গিয়ে প্রত্যেক বিদেশী দলই বাংলাদেশের মাঠ, ড্রেসিংরুম নিয়ে অভিযোগ করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০২৪ঘ.
bdnews24