ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এএফসি প্রেসিডেন্টস কাপ খেলতে নেপালে যেতে হবে না ঢাকা আবাহনীকে, নিজেদের দেশের মাটিতেই খেলার সুযোগ পেতে পারে তারা। বাফুফের দেওয়া প্রস্তাব এএফসি মেনে নিলেই আগামী মে মাসের মাঝমাঝিতে ঢাকায় হবে এএফসি প্রেসিডেন্টস কাপের 'এ' গ্র"পের খেলা।
আগামী ২০ এপ্রিল থেকে নেপালে হওয়ার কথা ছিল এএফসি প্রেসিডেন্টস কাপ। কিন্তু চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে কাঠমান্ডুতে এই টুর্নামেন্ট ঝুঁকিপূর্ণ মনে করছে এএফসি। বিকল্প হিসেবে তারা ঢাকাকে অয়োজনের প্রস্তাব দিলেও বাফুফে এখনো রাজি হয়নি। এএফসি ২৬ মে থেকে আয়োজনের তাগিদ দিলেও বাফুফে চাইছে টুর্নামেন্টটা মে মাসের মাঝামাঝিতে নিয়ে আসতে। নিজেদের ইচ্ছার কথা এএফসিকে জানানো হলেও এখনো কোনো জবাব পায়নি বাফুফে।
'এ' গ্র"পে আবাহনীর সঙ্গী তাজিকিস্তানের রেগার তাদাজ, পাকিস্তান ওয়াপদা ও নেপাল পুলিশ। এদের মধ্যে প্রথম প্রেসিডেন্টস কাপ জয়ী রেগার তাদাজই সবচেয়ে শক্ত প্রতিপক্ষ।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৪০ঘ.
bdnews24