ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ১৭তম বাটা স্কুল হ্যান্ডবলের ফাইনালের লাইন-আপ চূড়ান্ত হয়ে গেছে। বালক বিভাগে ফাইনালে উঠেছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও আনাসার ভিডিপি উচ্চ বিদ্যালয়। আর বালিকা বিভাগের ফাইনালে উঠেছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও সানিডেইল স্কুল। দুটো ফাইনালই হবে শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে।
শুক্রবার অনুষ্ঠিত বালক বিভাগের প্রথম সেমিফাইনালে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ২০-১২ গোলে বনানী বিদ্যানিকেতনকে হারিয়েছে। বিজয়ী দলের রানা ও অনিক ৮টি করে এবং জসীম ৪টি গোল করেছেন। দ্বিতীয় সেমিফাইনালে আনসার ভিডিপি উচ্চ বিদ্যালয় ১৩-১১ গোলে হারিয়েছে বিআইএসকে। বিজয়ী দলের সাব্বির ৬টি, সাদ্দাম ৩টি এবং আশরাফুজ্জামান ও রাজীন দুটি করে গোল করেছেন। বিআইএস-এর জুবায়ের সর্বোচ্চ ৮টি গোল করেছেন। শনিবার দুপুর ২টায় বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হবে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় এবং আনসার ভিডিপি উচ্চ বিদ্যালয়।
বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ১৫-০৪ গোলে ম্যাপেললিফ ইন্টা. স্কুলকে হারিয়েছে। বিজয়ী দলের নিপা ৬টি এবং পিংকি ও জোহরা ৪টি করে গোল করেছেন। দ্বিতীয় সেমিফাইনালে সানিডেইল স্কুল ১১-০১ গোলে স্কলাসটিকাকে হারিয়েছে। বিজয়ী দলের রাইমা ৫টি, মাইশা ৪টি এবং রিদওয়ানা ২টি করে গোল করেছেন। শনিবার বিকেল সাড়ে ৩টায় বালিকা বিভাগের ফাইনালে খেলবে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও সানিডেইল স্কুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.
bdnews24