ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ঢাকায় আছেন এএফসি সেক্রেটারি দাতো পলমনি, আসছেন সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম। উদ্দেশ্য, আরামবাগ বালুর মাঠে সিন্থেটিক টার্ফ বসানো ও বরিশালে ফুটবল সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বাফুফের বিশেষ সাধারণ সভায় উপস্থিত হতে এএফসি সেক্রেটারি আগেই এসেছেন ঢাকায়। শুক্রবার রাতে আসছেন এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম। তার বাংলাদেশ সফরসূচীতে কিছুটা পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে বরিশালে ফুটবল সেন্টার তৈরির কাজের উদ্বোধন তিনি করবেন না। কারণ দুপুরে তিনি বৈঠক করবেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে। হাম্মাম শুধু ঢাকায় বাফুফে ভবনের পাশে আরামবাগ বালুর মাঠে সিন্থেটিক টার্ফ বসানোর কাজ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে শনিবার বিকেল সোয়া তিনটায়। তারপর বিকেল সোয়া ৪ টায় মিডিয়ার মুখোমুখি হবেন হাম্মাম।
ফিফা গোল প্রোজেক্ট-২ এর অধীনে বালুর মাঠে বসবে সিন্থেটিক টার্ফ। আর ফিফা সুনামি ফান্ডের টাকায় বরিশালে তৈরি হবে ফুটবল সেন্টার। ২০০৪ সালে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সুনামির তাণ্ডবে। সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য ফিফা হাত বাড়িয়ে দিয়েছিল। শ্রীলঙ্কা ও ভারতের মতো বাংলাদেশ অতোটা ক্ষতিগ্রস্ত না হলেও ফিফার সুনামি ফান্ড থেকে আড়াই লাখ ডলার অনুদান ঘোষণা করা হয়েছিল এখানে দুটো ফুটবল সেন্টার নির্মাণের জন্য।
গত জোট সরকারের আমলে দুটো ফুটবল সেন্টার নির্মাণের জায়গা ঠিক করতে পারেনি বাফুফে। অনুদান বাতিল হয়ে যাওয়ার হুমকি শুনে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উদ্যোগ নেয়। দুটো জায়গা যোগাড় করতে না পারলেও বরিশালে জাতীয় ক্রীড়া পরিষদ নিজেদের তিন একর জায়গা ছেড়ে দেয় ফুটবল সেন্টার তৈরির জন্য। সেটির নির্মাণ কাজ উদ্বোধনের জন্য এএফসি সেক্রেটারি দাতো পলমনি হেলিকপ্টারযোগে সকাল ৯টা ২০মিনিটে বরিশাল রওনা হবেন। উদ্বোধন শেষে সাড়ে ১০ টায় ঢাকায় ফিরে আসবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৩৫ঘ.
bdnews24