ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অন্যের ভাগ্য-বিধাতা এখন নিজের ভাগ্য নিয়েই বিপাকে পড়েছেন! একটা প্যানেল তৈরি করে বিওএ নির্বাচনে অন্যের ভাগ্য গড়ে দিয়েছেন বতর্মান ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ। কারণ ওই প্যানেলের মধ্যে তিনি ছাড়া বাকি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মানে অন্য ৩৫টি পদের মালিক কারা সেটা নিশ্চিত হয়ে গেলেও কুতুব উদ্দিনের পদটি আছে নির্বাচনের অপেক্ষায়। সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসচিব পদ, যে পদের জন্য বুধবার মনোয়নপত্র জমা দিয়ে প্রার্থিতা নিশ্চিত করেছেন গোলাম কুদ্দুস চৌধুরী বাবু।
বাবু সমঝোতা প্রস্তাবে রাজি হয়ে গেলে অবশ্য বুধবারই বিওএ'র পুরো কমিটি নিশ্চিত হয়ে যেত বিনা ভোটে। কুতুব উদ্দিনের দেওয়া সমঝোতা প্রস্তাবে রাজি হননি বিওএ'র সাবেক মহাসচিব গোলাম কুদ্দুস চৌধুরী বাবু। অর্থাৎ এক হেভিওয়েট লড়াইয়ের মাধ্যমে আগামী ৩ এপ্রিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হবে।
এই পদ ছাড়া বাকি ৩৫ পদের যে কমিটি হয়েছে সেটা দেখে অনেকেই বিস্মিত। কয়েকজন নামি-দামী ক্রীড়া সংগঠকের বাদ পড়া ও অপ্রত্যাশিত নতুন মুখের উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যেমন গত কমিটির সহ সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু ও উপ মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেন বাদ পড়েছেন। আবার যে ফুটবল ফেডারেশনে আগামী মাসে নির্বাচন সেখান থেকে সহ-সভাপতি করা হয়েছে সিরাজুল ইসলাম বাচ্চুকে। তিনি ফুটবলে আবার নির্বাচিত হয়ে আসতে না পারলে তো তার বিওএ-তে ফুটবলের প্রতিনিধিত্বও থাকে না। বিওএ'র প্রধান নির্বাহী কর্ণেল ওয়ালী উল্লাহর জবাব, "কিছু করার নেই, ফুটবল থেকে একজনকে না নিলে আমাদের সমালোচনা হতো।"
বাচ্চু ছাড়া বাকি চার সহ-সভাপতি হলেন মিজানুর রহমান মানু, মেজর জেনারেল আসহাব উদ্দিন, খোন্দকার জামিল উদ্দিন এবং মুশফিকা ইফকাত। তিন উপ মহাসচিব হলেন লে. কমান্ডার এ কে সরকার, কাজী মহিউদ্দিন বুলবুল ও ফেরদৌস আরা খানম। আর কোষাধ্যক্ষ হয়েছেন ছানাউল হক বুকুল। সংগঠনের সভাপতির পদটি বরাবরই সেনাপ্রধানের বলে জেনারেল মইন উ আহমেদই থাকছেন সবার ওপরে।
এছাড়া নির্বাহী সদস্যদের ২৫টি পদে বুধবার একটি করে মনোনয়পত্র জমা পড়ায় সেগুলোও নিশ্চিত হয়ে গেছে। যেখানে আছে অনেক নতুন মুখ। নিজের প্যানেলের এই কমিটির সঙ্গে আগের কমিটির তুলনার প্রশ্নে কুতুব উদ্দিন আহমেদ বলেছেন, "কমিটি যা-ই হোক, কেউ কাজ করতে চাইলে বাইরে থেকেও করতে পারেন। এছাড়া আমাদের কোনো উপায় ছিল না। কারণ কমিটি গঠনের সবকিছুই ছকে বাঁধা, তার বাইরে যাওয়ার উপায় নেই।"
এটা ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদের (নির্বাচনের জন্য অবশ্য পদত্যাগ করেছেন) ব্যাখ্যা। কিন্তু ৭৮ জন কাউন্সিলরদের মধ্যে যারা তার আনকুল্য পাননি তাদেরও নিজস্ব ব্যাখ্যা আছে। আবার নির্বাচিতদের মধ্যে যারা পছন্দমতো পদ পাননি তারা খানিকটা ক্ষুব্ধ। যার প্রভাব পড়তে পারে ৩ এপ্রিলের বিওএ মহাসচিব নির্বাচনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.
bdnews24