ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জেএএফএ কাপের শিরোপা ধরে রেখেছে ঢাকা জেলা। সোমবার রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তারা ২-১ গোলে বিকেএসপিকে হারিয়ে চতুর্থ জেএফএ কাপের শিরোপা জিতেছে। আগের দুবারও জেএফএ কাপের শিরোপা জেতায় এবারের জয়ে হ্যাটট্রিক হলো তাদের।
ম্যাচের ৬০ মিনিটে রুবেলের গোলে এগিয়ে যায় ঢাকা জেলা। মিনিট পাঁচেক পরে বিকেএসপির মাসুদ রানা সেই গোল শোধ করে ম্যাচে সমতা নিয়ে আসেন। কিন্তু ৭০ মিনিটে সাগর গোল করে আবার এগিয়ে নেন ঢাকাকে এবং শেষ পর্যন্ত এই গোল ধরে ফাইনাল জিতে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। ২০০৭ সালেও বিকেএসপিকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ।
ফাইনালশেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডেপুটি ম্যানেজার তাকাহিরো মাসুদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০০ঘ.
bdnews24