ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রথম দিনেই দল অনেকটা গুছিয়ে ফেলেছে আবাহনী। মূলত গতবারের খেলোয়াড়দের ধরে রেখেই লিগ চ্যাম্পিয়নরা নতুন হকি মৌসুমের জন্য তৈরি হচ্ছে।
এবার হকির দলবদলের মূল আকর্ষণ পুলের খেলোয়াড়রা; তারা কে কোন দলে যাচ্ছে সেটা নিয়েই সবার কৌত'হল। রোববার প্রথম দিনে আবাহনী পুলের চারজনকে নিশ্চিত করে ফেলেছে। তারা হলেন মোহামেডানের মামুনুর রহমান চয়ন, মেরিনার্সের মোশাররফ হোসেন কুটি এবং অন্য দুজন নিজেদের পুরনো খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি ও এহসান রানা। পুলের কোট পূরণ হতে বাকি আরো দুজন। ঈসা ও মুসা থেকে গেলে কোটা পূরণ হয়ে যায়। কিন্তু এই দুই ভাইয়ের আবাহনী ছেড়ে যাওয়া অনেকটাই নিশ্চিত। ইতিমধ্যে ঈসা মিয়া নাম লিখিয়েছেন মোহামেডানে। আর মুসা মিয়ার সোনালী ব্যাংকে যাওয়ার কথা থাকলেও এখনো দলবদল করেননি। আবাহনী কর্মকর্তারা দু-একদিনের মধ্যে কোটা পূরণ করা হবে বলে জানিয়েছেন।
এছাড়া আবাহনী নিশ্চিত করেছে গতবারের ৬ জনকে। তারা হলেন, রাজীব, ফারুক, খোকন, ফিরোজ, রনি ও গোলরক্ষক আইনুল।
আবাহনীর পর দলবদলের আলোচনায় আছে সোনালী ব্যাংক। মোহামেডান, ঊষা ও মেরিনার্স ভেঙ্গেই তারা নতুন করে সাজছে। মোহামেডানের বিপ্লব ও শিশু এবং ঊষার শেখ নান্নুকে নিয়ে তারা পুলের কোটার অর্ধেক পূরণ করেছে। এছাড়া ঊষার কৃষ্ণ ও রিমন এবং মেরিনার্সের চন্দন ও প্রিন্সকেও নিয়েছে তারা।
প্রথমদিনে মোহামেডানের সংগ্রহ ঈসা ও শুভ (জুনিয়র)। এবার তাদের মূল শক্তি হবে বিকেএসপির একঝাঁক তরুন খেলোয়াড়। এদেরকে কাগজ-কলমে দলভুক্ত করতে সোমবার আসবে মোহামেডান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.
bdnews24