২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুর কাছে কুতুব উদ্দিনের সমঝোতা প্রস্তাব

সমঝোতার প্রস্তাব পেয়েছেন গোলাম কুদ্দুস চৌধুরী বাবু। এই সমঝোতা প্রস্তাবের ভিত্তিতে প্রথমদিনের আলোচনা নিস্ফলা হলেও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব পদে শেষপর্যন্ত নির্বাচনের সম্ভাবনা কমই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সমঝোতার প্রস্তাব পেয়েছেন গোলাম কুদ্দুস চৌধুরী বাবু। এই সমঝোতা প্রস্তাবের ভিত্তিতে প্রথমদিনের আলোচনা নিস্ফলা হলেও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব পদে শেষপর্যন্ত নির্বাচনের সম্ভাবনা কমই। সমঝোতার প্রস্তাবক বিওএ-এর ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ। আগামী ৩ এপ্রিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনে মহাসচিব পদে তার প্রতিদ্বন্দ্বী হয়ে গোলাম কুদ্দুস চৌধুরী দাঁড়িয়ে যাওয়ায় বেশ সমস্যায় পড়ে গেছেন কুতুব উদ্দিন। এই পদের নির্বাচনী লড়াই যখন আকর্ষণীয় হয়ে উঠছে তখনই তিনি ভোটাভুটি এড়াতে সমঝোতা প্রস্তাব দিয়েছেন বাবুকে। রোববার সমঝোতা প্রস্তাবের কথা স্বীকার করে বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আজ কুতুব সাহেব আমার সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু উনার প্রস্তাবের সঙ্গে আমার চিন্তা মিলছে না। আমি এখনো নির্বাচন করার পক্ষে।" তাহলে কি সমঝোতার কোনো সম্ভাবনা নেই? সাবেক বিওএ মহাসচিবের জবাব, "আসলে কুতুব সাহেব যেভাবে চাচ্ছেন সেভাবে হওয়ার নয়। কারণ আমি সহ-সভাপতির পদ চাই না। সেরকম হলে আমি নির্বাচন করবো না। তবে একটা জিনিস বুঝতে পারছি বর্তমান বিওএ আমাকে স্বাগত জানাচ্ছে না। দেখা যাক, শেষপর্যন্ত কী হয়।" সমঝোতা প্রস্তাবটা হচ্ছে, গোলাম কুদ্দুস চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাকে সহ-সভাপতির পদ দিয়ে দেয়া হবে। আর তাহলে কুতুব উদ্দিনের মহাসচিব হতে আর কোনো বাধা থাকে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.