২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারকে হারিয়ে সিরি 'এ' জমিয়ে দিল জুভেন্টাস

এক ম্যাচ আগেও ৭ পয়েন্টের ব্যবধান ছিল দু দলের মধ্যে। ইন্টার মিলানের পরাজয়ে ব্যবধানটা এখন নেমে এসেছে ৪ পয়েন্টে। শনিবার ইন্টারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি 'এ'তে উত্তেজনা ফিরিয়ে এনেছে জুভেন্টাস। ঘরের মাঠে এম্পোলির বিপক্ষে একই ব্যবধানে জয় পাওয়ায় রোমা এখন শীর্ষে থাকা ইন্টারের চেয়ে মাত্র ৪ পয়েন্ট পেছনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

রোম/মাদ্রিদ, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক ম্যাচ আগেও ৭ পয়েন্টের ব্যবধান ছিল দু দলের মধ্যে। ইন্টার মিলানের পরাজয়ে ব্যবধানটা এখন নেমে এসেছে ৪ পয়েন্টে। শনিবার ইন্টারকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি 'এ'তে উত্তেজনা ফিরিয়ে এনেছে জুভেন্টাস। ঘরের মাঠে এম্পোলির বিপক্ষে একই ব্যবধানে জয় পাওয়ায় রোমা এখন শীর্ষে থাকা ইন্টারের চেয়ে মাত্র ৪ পয়েন্ট পেছনে। সানসিরোতে প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ পেলেও গোলের দেখা পায়নি ইন্টার। বরং দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে মাউরো কামোরানেসির গোল হতচকিত করে দেয় ইতালিয়ান চ্যাম্পিয়নদের। টেলিভিশন রিপ্লেতে অবশ্য দেখা গেছে ক্রিস্টিয়ান মোলিনারোসের পাস ধরার সময় অফসাইড পজিশনে ছিলেন এই মিডফিল্ডার। ৬৩ মিনিটে নিকোলাস বুর্দিসোর ভুলে দ্বিতীয় গোল পেয়ে যায় জুভেন্টাস। এই আর্জেন্টাইন ডিফেন্ডারের ব্যাক হেড ধরে জোরালো ভলিতে ইন্টারের জাল কাঁপিয়ে দেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার ডেভিড ত্রেজেগে। শেষ বাঁশির মিনিট সাতেক আগে পর্তুগিজ মিডফিল্ডার মানিশ একটি গোল ফিরিয়ে দিয়ে উজ্জীবিত করে তুলেছিলেন দলকে। কিন্তু ইনজুরি সময়ে মানিশেরই শট পোস্টে লেগে ফিরে এলে নিশ্চিত হয়ে যায় ইন্টারের পরাজয়। অলিম্পিক স্টেডিয়ামে তুমুল বৃষ্টির মধ্যে রোমাকে ৩৬ মিনিটের সময় এগিয়ে দেন ডিফেন্ডার ম্যাক্স টনেট্টো। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে সেবাস্টিয়ান জিওভিনচোর লক্ষ্যভেদে সমতায় ফিরেছে এম্পোলি। তার ঠিক ৭ মিনিট পর সিমোনে পেরোত্তা লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় রোমা। কিন্তু তা দমাতে পারেনি স্বাগতিকদের। ক্রিস্টিয়ান পানুচ্চির গোলে জয় ছিনিয়ে নেয়ার পাশাপাশি শিরোপা-স্বপ্নও বাঁচিয়ে রাখে তারা। সিরি 'এ'র ৩০ রাউন্ড শেষে ইন্টার, রোমা ও জুভেন্টাসের সংগ্রহ যথাক্রমে ৬৮, ৬৪ ও ৫৮ পয়েন্ট। লাৎসিওকে ১-০ গোলে হারিয়ে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে ফিওরেন্টিনা। তোরিনোর বিপক্ষে একই ব্যবধানে জয় পাওয়া এসি মিলান তাদের চেয়ে ৪ পয়েন্ট কম নিয়ে পঞ্চম স্থানে আছে। ইতালিয়ান লিগের বাকি আর ৮ রাউন্ড। শনিবার রাতে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র দুই সেরা দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলা ছিল না। তবু বিশ্বের অন্যতম আকর্ষণীয় ফুটবল লিগে উত্তেজনার ঘাটতি ছিল না কোনো। কারণ সেভিয়া-অ্যাটলেটিকো মাদ্রিদ লড়াই। এই দু দলের ম্যাচে ঝামেলা প্রায় নিয়মিত ঘটনা এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। সার্জিও অ্যাগুয়েরোকে মাথা দিয়ে গুঁতো দিয়ে লালকার্ড দেখেছেন সেভিয়ার মিডফিল্ডার এনজো মারেস্কা। আর এর মাশুল দিয়ে নিজেদের মাঠ সানচেজ পিজুয়ানে ১৫ বছর পর সেভিয়া হেরে গেছে অ্যাটলেটিকোর কাছে। ম্যাক্সি রডিগেজ ও দারুণ ফর্মে থাকা অ্যাগুয়েরোর লক্ষ্যভেদে অ্যাটলেটিকো ম্যাচটা জিতেছে ২-১ গোলে। ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লিগের চতুর্থ স্থানও ধরে রেখেছে তারা। ৫ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পরেই সেভিয়ার অবস্থান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৩০ঘ.