ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নতুন প্রক্রিয়ায় বাফুফে দলবদলের নতুন ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী আগামী ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত হবে বি. লিগের দলবদল এবং বি. লিগ শুরু হবে ২০ জুলাই থেকে।
স্বাভাবিক নিয়মে ফুটবল ফেডারেশনই এই ঘোষণা দেয়। এবার তা না করে ক্লাব-প্রতিনিধিদের পাশে রেখেই বাফুফে সভাপতি এক রকম যৌথ ঘোষনা দিয়েছেন। যার মমার্থ হচ্ছে এই ঘোষনাকে অস্বীকার কিংবা তার সঙ্গে দ্বিমত পোষন করার সুযোগ থাকছে না ক্লাবগুলোর। ক্লাবগুলোর সঙ্গে সভা করেই বাফুফে সভাপতি এস এ সুলতান ঘোষনা দিয়েছেন, "আগামী ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত বি. লিগের দলবদল হবে। এতে ক্লাবগুলোর সম্মতি আছে। ধরে নিতে পারেন এটা একরকম পাকাপোক্ত সিদ্ধান্ত।" এসময় বাফুফে সভাপতির পাশে ছিলেন আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ, মোহামেডানের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূইঁয়াসহ ঢাকার আরো ৬টি ক্লাবের প্রতিনিধিরা।
মে মাসে দলবদল হলেও ঘরোয়া ফুটবল শুরু হবে জুলাই মাসে। ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত হবে ফেডারেশন কাপ। তারপর জুলাই মাসের ২০ তারিখ শুরু হবে বি. লিগ। মানে মে-জুনে এএফসি চ্যালেঞ্জ কাপ ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পরই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল।
কিন্তু খেলোয়াড়রা যে দলবদল না হওয়া পর্যন্ত জাতীয় দল বর্জনের ঘোষনা দিয়ে রেখেছে! বাফুফে সভাপতি অবশ্য এসব মিটমাট হয়ে যাওয়ার কথা বলেছেন। সেটা আরো জোরালো হয়েছে আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদের কথায়, "আজ (বৃহস্পতিবার) আমরা খেলোয়াড়দের সঙ্গে বসেছি। তারা জাতীয় দলে খেলতে রাজি হয়েছে, তবে অন্য কোনো টুর্নামেন্ট খেলবে না তারা দলবদলের আগে।" যার অর্থ প্রস্তাবিত স্বধীনতা কাপের সম্ভাবনার মৃত্যু!
এই স্বাধীনতা কাপ ফুটবল নিয়ে বাফুফে কর্তাদের আলোচনার অন্ত ছিল না। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু এমনও বলেছিলেন, "স্বাধীনতা কাপ ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট, এটা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় আয়োজন করতে পারবে না।" কিন্তু সভাপতি সরাসরিই বলে দিয়েছেন, "স্বাধীনতা কাপ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে অন্য কিছু করা যায় কিনা আমরা দেখছি।"
তারপর সভাপতি ক্লাবগুলোর অর্থ সংকটের কথা তুলে ধরে তাদের দিকটা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। এবং ক্লাবগুলোর পরামর্শ অনুযায়ী জাতীয় দলের ফুটবলারদের সম্মানী বাড়ানোর বিষয়ে তিনি ঐকমত্য পোষণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৫০ঘ.
bdnews24