২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান আল মামুনকে দলে নেবে না ঢাকার আট ক্লাব !

একটি পত্রিকায় প্রকাশিত হাসান আল মামুনের মন্তব্য ভীষণভাবে আহত করেছে ঢাকার আটটি ক্লাবকে। এর প্রতিবাদে তারা জাতীয় দলের অধিনায়ককে ক্লাব দলে অন্তর্ভূক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- একটি পত্রিকায় প্রকাশিত হাসান আল মামুনের মন্তব্য ভীষণভাবে আহত করেছে ঢাকার আটটি ক্লাবকে। এর প্রতিবাদে তারা জাতীয় দলের অধিনায়ককে ক্লাব দলে অন্তর্ভূক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ঢাকা আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স, শেখ রাসেল, আরামবাগ, ফরাশগঞ্জ ও রহমতগঞ্জ যৌথ বিবৃতি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। তাদের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে গত ১৪ মার্চ দৈনিক জনকন্ঠে প্রকাশিত হাসান আল মামুনের বক্তব্যকে শালীনতা ও শিষ্টাচারের চরম লংঘন এবং পেশাদার লিগের ক্লাবগুলোর জন্য তা অত্যন্ত মর্যাদাহানীকর বলে উল্লেখ করেছে। মামুনের সেই মন্তব্যটা হচ্ছে "আসলে ক্লাবগুলোর কাছেই জিম্মি বাংলাদেশের ফুটবল। খেলাধুলাতো তাই এদিকে সরকার নজর দেয় না। ফুটবলের এ অবস্থার জন্য যারা দায়ী তাদের গ্রেফতার করা উচিত সরকারের।" ক্লাব কর্মকর্তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসান আল মামুনদের মনে রাখা উচিত ক্লাবগুলোর কারণে তারা দেশের সেরা খেলোয়াড় হয়েছেন। জাতীয় দলের অধিনায়ক তার "অভিভাবকতুল্য ক্লাব কর্মকর্তাদের নিয়ে জঘন্য মন্তব্য" করায় তাকে দল না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেশাদার লিগের আটটি ক্লাব। হাসান আল মামুন অবশ্য তাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন। গত বি. লিগে মুক্তিযোদ্ধায় খেলা এই ফুটবলার বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এজন্য আমি দুঃখ প্রকাশও করেছি পত্রিকার মাধ্যমে। এখন আমি ক্লাব কর্মকর্তাদের কাছে যাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.