লাপাজ, বলিভিয়া, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অনেক দিন ধরেই তিনি ফিফার কড়া সমালোচক। অনেক ব্যাপারেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে চাঁছাছোলা ভাষায় সমালোচনা করতে দ্বিধা করেননি ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বর এবার মাঠে নামলেন সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে ফুটবল ম্যাচ আয়োজনে ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে। আক্ষরিক অর্থেই মাঠে নামা। কারণ বলিভিয়ার রাজধানী লাপাজে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়ে তিনি ফিফার দিকেই অভিযোগের তীর তুলেছেন।
সমতলভূমি থেকে অনেক ওপরে ফুটবল ম্যাচ আয়োজনের বিরুদ্ধে বহুদিন ধরেই ফিফা সোচ্চার। গত বছরের মে মাসে এ ব্যাপারে নিষেধাজ্ঞাও জারি করেছিল তারা। তবে সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিটো ও লাপাজে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে দ্বিধা করেনি ইকুয়েডর ও বলিভিয়া। শেষ পর্যন্ত এ ব্যাপারে পিছু হটলেও গত শুক্রবার একটা নতুন নিয়ম জারি করেছে ফিফা। সেটা হলো ম্যাচটা ২৭৫০ মিটারের ওপরে হলে সফরকারী দলকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার জন্য অন্তত এক সপ্তাহ সময় দিতে হবে। ৩০০০ মিটারের ওপরের ক্ষেত্রে মেয়াদটা বেড়ে দাঁড়াবে দুই সপ্তাহ। কিন্তু এই নিয়ম মেনে নেয়া যে কোনো জাতীয় দলের পক্ষে প্রায় অসম্ভব। কারণ জাতীয় দলের ম্যাচের মাত্র ৫ দিন আগে ক্লাবগুলো তাদের খেলোয়াড়কে ছাড়তে বাধ্য।
এমন অস্বস্তিকর সময়ে লাপাজে খেলতে নেমে ম্যারাডোনা যেন ফিফার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন তাদের সিদ্ধান্তটা কতখানি বিতর্কিত! সোমবার হার্নান্দো সিলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটাতে ম্যারাডোনার দলের প্রতিপক্ষ ছিল বলিভিয়ার ফুটবলপ্রেমী প্রেসিডেন্ট ইভো মোরালেস এবং সেদেশের রাজনীতিবিদ ও সাবেক ফুটবলারদের নিয়ে গড়া একটি দল।
লাতিন আমেরিকার দেশটির বন্যার্তদের সাহায্যার্থে আয়োজিত ম্যাচটি ৭-৪ গোলে জেতার সাংবাদিকদের সামনে এসে ম্যারাডোনা সবার আগে আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সেপ ব্ল্যাটারকে, "এই ৪৭ বছর বয়সে আমি এবং প্রেসিডেন্ট মোরালেস ফিফাকে বুঝিয়ে দিয়েছেন যে এই মাঠেও দৌড়ানো সম্ভব। আপনার যেখানে জন্ম সেখানেই তো খেলতে হবে আপনাকে। এমনকি ঈশ্বরও তা থেকে আপনাকে বিরত রাখতে পারেন না। (ফিফা প্রেসিডেন্ট সেপ) ব্ল্যাটার তো অবশ্যই নন।"
ফিফার নিষেধাজ্ঞাকে তাই হাস্যকর ও অপমানজনক বলেই মনে হচ্ছে আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের, "নিয়মটা একেবারেই উদ্ভট। কারণ তারা চাইছে বলিভিয়া অন্য কোথাও গিয়ে খেলুক। এটা খুবই অসম্মানজনক ব্যাপার। এটা এমন কিছু মানুষ অনুমোদন করেছে যারা কখনো ফুটবল খেলেনি। এটা পুরোপুরি রাজনৈতিক ব্যাপার।" এভাবে সমালোচনার তীরে বিদ্ধ করার পর ফিফার কাছে তার প্রশ্ন, "তারা কি ভূগোলই বদলে দেয়ার চেষ্টা করছে নাকি?"
ম্যারাডোনার এমন উদ্যোগের পর এখন যদি ফিফার টনক নড়ে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০০ঘ.
bdnews24