ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ক্লাবগুলোর আপত্তির মুখে শেষপর্যন্ত স্থগিত হয়ে গেল বি. লিগের দলবদল। সোমবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন দলবদল স্থগিতের ঘোষণা দিয়েছে।
বাফুফের ঘোষণা অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এক মাসব্যাপী বি. লিগের দলবদল শুরু হওয়ার কথা। কিন্তু বি. লিগের আটটি ক্লাব গত ১২ মার্চ দলবদলে তাদের অনাগ্রহের কথা জানায়। বাফুফে সভাপতি বরাবরে লিখিত চিঠিতে তারা স্পষ্টভাবে জানিয়েছিল ২৮ এপ্রিল বাফুফে নির্বাচনের আগে দলবদলে যাবে না ক্লাবগুলো। তারপর বাফুফে অনুরোধের চিঠি পাঠিয়েও কোনো সাড়া পায়নি। যে কারণে আকর্যকর হয়ে পড়ে ১৫ মার্চ থেকে দলবদলের ঘোষণা।
অবশেষে সোমবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে সভায় বসেন বাফুফে-কর্তারা। সভা শেষে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "দলবদল স্থগিত করা হয়েছে এবং বাফুফে নির্বাচনের পরেই তা অনুষ্ঠিত হবে।" কারণ হিসেবে তিনি বলেছেন, "ক্লাবগুলো বলেছে তাদের টাকা-পয়সার সংকটের কথা। তাছাড়া আগামী মাসে আবাহনী প্রেসিডেন্টস কাপ খেলতে দেশের বাইরে যাবে। জাতীয় দলেরও দেশের বাইরে দুটো টুর্নামেন্ট আছে। এসব কিছু বিবেচনা করে আমরা দলবদল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।"
২০ এপ্রিল থেকে নেপালে প্রেসিডেন্টস কাপের বাছাইপর্ব খেলবে ঢাকা আবাহনী। আর এপ্রিল ও জুন মাসে জাতীয় দল খেলবে চ্যালেঞ্জ কাপ ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তাই দলবদলের চিন্তা বাদ দিয়ে বাফুফে এখন জাতীয় দলের প্রশিক্ষণ শুরু করাকে বিকল্প হিসেবে নিয়েছে। সেক্ষেত্রে অবশ্য খেলোয়াড়দের পক্ষ থেকে কোনো বাধা আসে কিনা সেটাই দেখার বিষয়। কারণ তারা গত রোববার বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সঙ্গে সভা করে নির্ধারিত তারিখে দলবদল আয়োজনের জোর দাবি জানিয়েছেন ।
দলবদল স্থগিত হয়ে গেলেও পুরনো মিশন স্বাধীনতা কাপ ফুটবলে এখনো লেগে আছে বাফুফে। দলগুলোর সঙ্গে কথা বলে তারা এই টুর্নামেন্টের নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ মার্চ থেকে এই টুর্নামেন্ট শুরুর সিদ্ধান্ত হয়েছে। আগে সম্মতি দেওয়া ৬টি দলের সঙ্গে আরো তিনটি দল যোগ করতে চায় বাফুফে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.
bdnews24