২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্র করে রিয়ালকে চাপে ফেলার সুযোগ হারালো বার্সেলোনা

এ মৌসুমের স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় হাতের লক্ষ্মী পায়ে ঠেলার সার্থক উদাহরণ বার্সেলোনা! এক সময় রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে পড়লেও চিরপ্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতায় ব্যবধানটা ২ পয়েন্টে নামিয়ে এনেছিল তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 03:54 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মাদ্রিদ/রোম, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ মৌসুমের স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় হাতের লক্ষ্মী পায়ে ঠেলার সার্থক উদাহরণ বার্সেলোনা! এক সময় রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে পড়লেও চিরপ্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতায় ব্যবধানটা ২ পয়েন্টে নামিয়ে এনেছিল তারা। কিন্তু 'বার্সা'র টানা দুটো পরাজয়ে ব্যবধান আবার বেড়ে দাঁড়ায় ৮-এ। শনিবার দেপোর্তিভো লা করুনার কাছে রিয়াল হেরে যাওয়ার পর আবার আশায় বুক বেঁধেছিল বার্সেলোনা সমর্থকরা। তবে ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে আবারো ব্যর্থ। রোববার স্প্যানিশ লিগে বোজান কিরকিচ ও স্যামুয়েল এ'তোর লক্ষ্যভেদে দু দু বার এগিয়ে গিয়েও তারা আলমেরিয়াকে হারাতে পারেনি, ড্র করেছে ২-২ গোলে। যার অর্থ বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের চেয়ে বার্সেলোনা এখনো ৭ পয়েন্টে পিছিয়ে। ২৮ রাউন্ড শেষে রিয়ালের পয়েন্ট ৬২, আর 'বার্সা'র ৫৫। লিগের এখনো ১০ রাউন্ড বাকি। বার্সেলোনা ভুল করলেও 'প্রিমেরা লিগা'র অন্য দুই শিরোপা প্রত্যাশী ভিলারিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ জয় হাতছাড়া করেনি। গত সপ্তাহে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্প থেকে জয় নিয়ে ফেরা ভিলারিয়াল ২-০ গোলে হারিয়েছে রিয়াল জারাগোজাকে। গোলদাতা তুরস্ক ও ইতালির দুই স্ট্রাইকার নিহাত কাহভেচি ও জিউসেপ্পে রসি। লেভান্তের বিপক্ষে অ্যাটলেটিকোর জয়টা এসেছে আরো বড় ব্যবধানে, ৩-০ গোলে। তিন গোলের দুটোই ডিয়েগো ফোরলানের, অন্য গোলটি করেছেন সিমাও। তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রাখা ভিলারিয়াল ও অ্যাটলেটিকোর পয়েন্ট যথাক্রমে ৫৩ ও ৪৭। ইতালিয়ান সিরি 'এ'তেও ইন্টার মিলানের জয়রথ অব্যাহত। প্যাট্রিক ভিয়েরা ও লুই জিমেনেজের লক্ষ্যভেদে পালেরমোর বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়ায় রোমার সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধানও ধরে রেখেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ২৮ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৬৭, আর রোমার ৬১। নাপোলিকে ১-০ গোলে হারানো জুভেন্টাস ৫৪ পয়েন্ট নিয়ে যথারীতি তৃতীয় স্থানে আছে। অন্যদিকে জেনোয়ার সঙ্গে ৩-১ গোলে জয় পাওয়া ফিওরেন্টিনা (৫০ পয়েন্ট) চতুর্থ স্থান ধরে রেখে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। তাদের চেয়ে ৪ পয়েন্ট পেছনে থেকে পঞ্চম স্থানে আছে চ্যাম্পিয়ন্স লিগের গতবারের শিরোপাজয়ী এসি মিলান। আলমেরিয়ার মাঠে শুরু থেকে চাপের মধ্যে থাকলেও ১৭ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় বার্সেলোনা। আন্দ্রেস ইনিয়েস্তার শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বল জালে জড়িয়ে দেন ১৭ বছর বয়সী কিরকিচ। পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষ ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে তুললেও ভিক্টর ভালদেসের দৃঢ়তা গোল থেকে বঞ্চিত করছিল আলমেরিয়াকে। তবে ৩৩ মিনিটে বার্সেলোনার গোলকিপারও কিছু করতে পারেননি। কর্নার থেকে অরক্ষিত রুবেন পুলিদোর হেড সমতা ফেরায় ম্যাচে। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণভাগ শক্তিশালী করার আশায় থিয়েরি অঁরিকে মাঠে নামান রাইকার্ড। বার্সেলোনা কোচের আশা পূরণও করেন অঁরি। ৫৭ মিনিটে তার ক্রস থেকেই দলকে আবারো এগিয়ে দেন এ'তো। কিন্তু এবারো গোলটা ধরে রাখতে পারেনি 'বার্সা'। সেজন্য গ্যাব্রিয়েল মিলিতোর দায়ও কম নয়। ৭২ মিনিটে এই আর্জেন্টাইন ডিফেন্ডার দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পর আলমেরিয়ার আক্রমণের ঝাঁঝ বেড়ে যায় বহু গুণ। স্বাগতিকদের দ্বিতীয় গোলটাও আসে কর্নার থেকে। ৮৫ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে হেড করে ভালদেসকে দ্বিতীয় বারের মতো হতাশায় ডোবান নাইজেরিয়ান ফরোয়ার্ড কালু উচে। আর তাই শেষ তিন ম্যাচে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বার্সেলোনাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪০ঘ.