ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফুটবল সেন্টার ও সিন্থেটিক টার্ফের ভিত্তিপ্রস্থর স্থাপনের জন্য আগামী ২৮ মার্চ ঢাকায় আসছেন এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম।
বাফুফে সূত্রে জানা গেছে, এএফসি সভাপতি ২৮ মার্চ ঢাকায় আসবেন এবং পরেরদিন বরিশালে ফুটবল সেন্টার ও আরামবাগ বালুর মাঠে সিন্থেটিক টার্ফের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ফিফার সুনামি ফান্ডের টাকায় বরিশালে ৩ একর জায়গার ওপর তৈরি হবে ফুটবল সেন্টার। ২০০৪ সালে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সুনামির তাণ্ডবে। সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য ফিফা হাত বাড়িয়ে দিয়েছিল। শ্রীলঙ্কা কিংবা ভারতের মতো বাংলাদেশ অতোটা বিপন্ন না হলেও ফিফার সুনামি ফান্ড থেকে আড়াই লাখ ডলার অনুদান ঘোষণা করা হয়েছিল দুটো ফুটবল সেন্টার নির্মাণের জন্য।
গত জোট সরকারের আমলে দুটো ফুটবল সেন্টার নির্মাণের জায়গা ঠিক করতে পারেনি বাফুফে। অনুদান বাতিল হয়ে যাওয়ার হুমকি শুনে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার উদ্যোগ নেয়। দুটো জায়গা যোগাড় করতে না পারলেও বরিশালে জাতীয় ক্রীড়া পরিষদ নিজেদের তিন একর জায়গা ছেড়ে দেয় ফুটবল সেন্টার তৈরির জন্য। যার নির্মাণ কাজ উদ্বোধন করতেই ২৮ মার্চ ঢাকায় আসছেন মোহাম্মদ বিন হাম্মাম। এছাড়াও ফিফা গোল প্রোজেক্ট-২ এর অধীনে বাফুফে ভবন সংলগ্ন বালুর মাঠে সিন্থেটিক টার্ফ বসানোর কাজের উদ্বোধন করবেন তিনি। এসব শেষ করে ২৯ তারিখ রাতেই তিনি ঢাকা ত্যাগ করবেন।
এর মধ্যে আরেকটি প্রোগ্রাম থাকতে পারে। জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের সঙ্গে এএফসি সভাপতির বৈঠক আয়োজনেরও চেষ্টা চলছে বলে জানা গেছে বাফুফে সূত্রে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫০ঘ.
bdnews24