ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- "জীবিকার তাগিদ" নিয়ে খেলোয়াড়রা বাফুফের কাছে গেছে যেন ক্লাবগুলোকে বুঝিয়ে-সুঝিয়ে তারা দলবদলে রাজি করায়। এই আর্জির পাশপাশি তারা ফুটবলের এই বিপথগামীতার দায় চাপিয়েছেন বাফুফে এবং ক্লাবগুলোর ঘাড়ে।
রোববার বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালুর সঙ্গে দেখা করেছেন কয়েকজন ফুটবলার। আরিফ খান জয়, জুয়েল রানা, আলফাজ আহমেদ, আমিনুল হক, বিপ্লব ভট্টাচার্য্যসহ কয়েকজন তরুণ ফুটবলার মালুর কাছে নিজেদের করুণ অবস্থা ব্যাখ্যা করে দলবদল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের আহ্বান জানিয়েছেন। গত শনিবার থেকে এক মাসব্যাপী দলবদল শুরু হলেও তাতে অংশ নিচ্ছে না ক্লাবগুলো। তারা নির্বাচনের আগে বি. লিগের দলবদলে যেতে অনাগ্রহী। কিন্তু খেলোয়াড়রা আগ্রহী। সবাইকে একবিন্দুতে আনতে বাফুফে-কর্তারা সোমবার আবার ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসবেন।
দলবদল প্রশ্নে সব পক্ষকে ইতিবাচক করার দায়িত্ব আসলে বাফুফেরই। ক্লাবগুলোর অনাগ্রহের কারণ হিসেবে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু বলেছেন, "ক্লাবগুলোতে আর্থিক সংকট চলছে। সেটা থাকবে, এর মধ্যেই আমাদের খেলতে হবে। নইলে তো ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।" ফুটবলের ক্ষতির কথা চিন্তা করলে বাফুফের দায় অনেকখানি বলেই মনে করেন সাবেক অধিনায়ক জুয়েল রানা, "প্রথম বি. লিগের পর আমরা ৭ মাস বসে আছি, কোনো খেলা নেই। অথচ ১০-১১ মাস খেলার কথা বলে পেশাদার ফুটবল চালু করা হয়েছিল। এখন দেখছি উল্টো হচ্ছে।" ৭ মাস খেলা না হলেও ক্লাবগুলোকে টাকা দিয়ে যেতে হয়েছে খেলোয়াড়দের। বাফুফের এই ব্যর্থতার দায় তো তাদের পোহাতে হয়েছে। মোটা দাগে বললে শুধু বি. লিগের জন্যই প্রত্যেক খেলোয়াড়ের পেছনে গড়ে ৬/৭ লাখ টাকা খরচ করেছে ক্লাব।
খেলোয়াড়রা আবার ক্লাবগুলোরও সমালোচনা করেছে। আবাহনী অধিনায়ক আরিফ খান জয় বলেছেন, "ক্লাবগুলোর কাছে জিম্মি হয়ে পড়েছে ফুটবল। এই অবস্থা থেকে আমরা বের হতে না পারলে ফুটবলের কোনো উন্নতি হবে না। এবারও যা দেখছি তাতে মনে হচ্ছে না দুমাসের আগে তারা দলবদলে নামবে।" গোলরক্ষক আমিনুল হক যোগ করেছেন, "এভাবে চলতে থাকায় অনেকে খেলা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে গেছে। ফুটবলে তাদের অনীহা এসে গেছে।"
অবস্থা ফেরানের জন্য ফুটবলাররা আকুতির সুরে বলেছেন, "আমরা বাঁচার জন্য, জীবিকার জন্য আপনাদের কাছে এসেছি।" আগে তারা আন্দোলন করতেন দলবদলের দাবিতে। ম্রিয়মান ফুটবলে বোধহয় এখন আন্দোলন অচল। তাই বিকল্প পেশার দিকে ছোটার আগে তারা করুণা-প্রার্থী। শুধু দলবদলের জন্য !
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24