ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাফুফের অনুরোধের কোনো আনুষ্ঠনিক জবাব দেয়নি ক্লাবগুলো। তারা যেমন নিজেদের সিদ্ধান্তে অটল, তেমনি ফেডারেশনও বি. লিগের দলবদলের সূচি বহাল রাখায় অনড়। তাই শনিবার থেকেই শুরু হয়ে গেছে এক মাসের দলবদল।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, এই দল বদলে অংশ নেবে কারা ? আটটি ক্লাব গত ১২ মার্চ বাফুফেকে চিঠি দিয়ে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। তাদের একটাই কথা, ২৮ এপ্রিলের বাফুফে নির্বাচনের আগে তারা দলবদলে অংশ নেবে না। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ১৩ মার্চ বাফুফে আবার অনুরোধপত্র পাঠিয়ে ফুটবলের বৃহত্তর স্বার্থে ক্লাবগুলোকে দলবদলে অংশ নিতে বলে। সে অনুরোধে এখনো কোনো সাড়া মেলেনি। অথচ শনিবার থেকে দলবদলের এক মাসের সূচী বহাল রেখেছে বাফুফে। তারা আশা করছে, প্রথম দিকে না হলেও শেষ সপ্তাহে সবাই অংশ নেবে।
তবে এ প্রসঙ্গে ঢাকা মোহামেডানের সাধারণ সম্পাদক লোকামান হোসেন ভূঁইয়া বলেছেন, "কারা দলবদলে অংশ নেবে আমি জানি না। তবে আমরা সবকিছু বিবেচনা করেই সিন্ধান্ত নিয়েছি। তারপরও ক্লাব প্রতিনিধিরা আগামী সোমবার আবার সভায় বসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১৯২২ ঘ.
bdnews24