রিও ডি জেনিরো/বুয়েনস এইরেস, ১২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তার বয়স খুব বেশি নয়, মাত্র ১৮ বছর। কিন্তু এখনই ব্রাজিল কোচ ডুঙ্গার অন্যতম ভরসার নাম আলেকসান্দ্রে পাতো। এ মাসের শেষ দিকে সুইডেনের বিপক্ষে লন্ডনে অনুষ্ঠেয় এক প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে তাই পাতোকে রাখতে দ্বিধা করেননি ডুঙ্গা। তবে ফর্মের সঙ্গে লড়াই করা রোনালদিনিয়োর ওপরে আস্থা রাখতে পারেননি ব্রাজিলের '৯৪ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে বাইরে রেখেই দল ঘোষণা করেছেন তিনি।
হুয়ান রোমান রিকুয়েলমে এবং কার্লোস তেভেজেরও জায়গা হয়নি আর্জেন্টিনা দলে। আগামী ২৬ মার্চ কায়রোতে আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের বিপক্ষে এক প্রীতি ম্যাচে এই দুই তারকাকে দলে রাখেননি আর্জেন্টিনার কোচ আলফিও বাসিলে। বরং আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় থাকা ফরাসী ক্লাব বোর্দোর স্ট্রাইকার ফার্নান্দো কাভেনাগিকে দলে নিয়েছেন তিনি। পোর্তোর ফরোয়ার্ড লিসান্দ্রো লোপেজও সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনার জার্সি গায়ে নিজেকে প্রমাণ করার।
গত মাসে আয়ারল্যান্ডের সঙ্গে এক প্রীতি ম্যাচেও দলে সুযোগ পেয়েছিলেন পাতো। কিন্তু ইনজুরির কারণে সেই ম্যাচ থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়াতে হয়েছিল এসি মিলানের এই স্ট্রাইকারকে। এই মৌসুমে ইতালির 'জায়ান্ট' ক্লাবটির পক্ষে তার ভালোই পারফরম্যান্স। আর তাই এবার তার সামনে ব্রাজিলের হয়ে অভিষেকের সুবর্ণ সুযোগ। তবে পাতোর ওপরে অতিরিক্ত প্রত্যাশা করার ব্যাপারে ব্রাজিল-ভক্তদের হুঁশিয়ারি করে দিয়ে ডুঙ্গার মন্তব্য, "আলেকসান্দ্রে বেশ কয়েকটি ম্যাচে ভালো খেলেছে ঠিকই, তবে লোকের খুব তাড়াতাড়ি আরেক জন তারকা তৈরি করার আকাক্সক্ষায় সে ভেঙ্গেও পড়তে পারে। আমাদের পক্ষে তার ওপরে খুব বেশি দায়িত্ব চাপিয়ে দেয়াটা ঠিক হবে না। তরুণ খেলোয়াড়দের ধারাবাহিকতায় সমস্যা থাকেই। তাদের পারফরম্যান্সও অনেক সময় ওঠা-নামা করে।"
অন্যদিকে রোনালদিনিয়ো ইদানিং বার্সেলোনার হয়ে নিয়মিত মাঠে নামলেও ডুঙ্গার ধারণা তার ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে, "সে (রোনালদিনিয়ো) ধীরে, ধীরে ভালো খেলছে, আবারো খেলা শুরু করেছে। তার এটা ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। ব্রাজিল দলে প্রশিক্ষণের জন্য তেমন সময় পাওয়া যায় না। জুনে আমাদের বিশ্বকাপ বাছাইপর্বের দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আর আমরা চাই সে সময় তাকে পুরোপুরি ফিট হিসাবে পেতে।" আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে প্যারাগুয়েতে যাবে ব্রাজিল। তার ঠিক চার দিন পর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
রিকুয়েলমের অবশ্য ফিটনেসের কোনো সমস্যা নেই। তার পরও বাসিলে তাকে রাখেননি অন্য একটা কারণে। আর্জেন্টিনার কোচ চাইছেন রিকুয়েলমের অনুপস্থিতিতে দলকে বাজিয়ে দেখতে, "যখন রিকুয়েলমে আমার দলে খেলে না তখন পুরো সিস্টেমটারই পরিবর্তন হয়ে যায়। সে এমনই এক জন খেলোয়াড় যে পুরো দলটাকে নিয়ন্ত্রণ করে। এবং একই কাজ করতে পারে এমন এক জনকে খুঁজে পাওয়াও খুব কঠিন। তবে অন্যদের খেলার ধরণ পরীক্ষা করাটাও বেশ ভালো একটা ব্যাপার।" বাসিলে অবশ্য তেভেজকে না রাখার ব্যাখ্যা দেননি। একটা কারণ হতে পারে জুনেই বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের অনুপস্থিতি। গত নভেম্বরে কলম্বিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচে লালকার্ড পাওয়ায় ইকুয়েডরের সঙ্গে খেলতে পারবেন না তেভেজ।
রিকুয়েলমে-তেভেজ ছাড়াও মিশরের বিপক্ষে লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে পায়ের পেশিতে টান পড়ায় অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে দারুণ ফর্মে থাকা বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ডকে।
ব্রাজিল দল :
গোলকিপার : ডিয়েগো আলভেস, জুলিও সিজার।
ডিফেন্ডার : ড্যানিয়েল আলভেস, অ্যালেক্স কস্টা, হুয়ান, লুসিও, মার্সেলো, রাফিনহা, লিও।
মিডফিল্ডার : জিলবার্তো সিলভা, হার্নানেস, জোসুয়ে, কাকা, লুকাস, রিচারলাইসন, ডিয়েগো, জুলিও ব্যাপ্টিস্টা।
ফরোয়ার্ড : আলেকসান্দ্রে পাতো, রাফায়েল সোবিস, রবিনিয়ো, থিয়াগো নেভেস, লুই ফ্যাবিয়ানো।
আর্জেন্টিনা দল :
গোলকিপার : রবার্তো আবোনদানজিয়েরি, অস্কার উস্তারি, সার্জিও রোমেরো।
ডিফেন্ডার : হাভিয়ের জানেত্তি, নিকোলাস বুর্দিসো, মার্টিন ডেমিচেলিস, গ্যাব্রিয়েল মিলিতো, গ্যাব্রিয়েল হাইঞ্জ, ফ্যাব্রিসিও কলোচ্চিনি।
মিডফিল্ডার : এস্তেবান ক্যাম্বিয়াসো, ফার্নান্দো গ্যাগো, পাবলো জাবালেতা, হাভিয়ের মাসচেরানো, ম্যাক্সিমিলিয়ানো রড্রিগেজ, লুই গনজালেজ।
ফরোয়ার্ড : হুলিও ক্রুজ, সার্জিও অ্যাগুয়েরো, লিসান্দ্রো লোপেজ, ফার্নান্দো ক্যাভেনাগি, এজেকুইয়েল লাভেজ্জি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৫০ঘ.
bdnews24