ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- যে ডিএফএ-কে বিতর্কিত বলা হচ্ছিল সেই ডিএফএ'র (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) বিধান অনুযায়ীই করতে হবে বাফুফে নির্বাচন। শুক্রবার ফিফা-এএফসি এই প্রেসক্রিপশন দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। যা মেনে আগামী ৩০ এপ্রিলের মধ্যেই ফেডারেশনের নির্বাচন আয়োজন করতে হবে।
শুক্রবার কুয়ালালামপুরে এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের সঙ্গে সভায় বসেন বাংলাদেশের প্রতিনিধি দল। বাফুফে সভাপতি এস এ সুলতানের নেতৃত্বে ওই সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিওএ প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ, সাবেক বাফুফে সহ-সম্পাদক বাদল রায় ও জেলা সংগঠক মহিউদ্দিন বুলবুল। ওই সভা শেষে ফিফার সঙ্গে কথা বলে এএফসি দিয়েছে নতুন বিধান। সেটা হলো, ডিএফএ দিয়েই হবে নির্বাচন। অথচ গত ফেব্র"য়ারিতে এএফসির সঙ্গে সভা পরবর্তী প্রেসক্রিপশন ছিল যে ডিএফএ গুলোর ভোট থাকবে না। তারা থাকবে বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে। শুক্রবার সেই গাইড-লাইন থেকে সরে গিয়ে আবার নতুন রোডম্যাপ দিয়েছে ফিফা-এএফসি।
এএফসি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বাফুফে সভাপতি এস এ সুলতান বলেছেন, "এখনও পর্যন্ত জেলা ফুটবল সংস্থা আর ক্লাবগুলোই হচ্ছে ফুটবলের মূল চালিকাশক্তি। বিভাগীয় ক্রীড়া সংস্থা সেই অর্থে কার্যকর নয়। এখন আমাদের কাজ হচ্ছে, ফিফার আদর্শ গঠনতন্ত্র অনুযায়ী আগামী চার বছরের মধ্যে ৬টি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা।"
তিনি আরো বলেছেন, "এই চূড়ান্ত গাইড-লাইন আমাদের ফুটবলকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এখন আমরা বিশেষ সাধারণ সভা ডেকে নতুন গঠণতন্ত্রকে পাস করিয়ে নেবো। তারপর নির্বাচনের দিকে যাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.
bdnews24