ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অনেকদিন ধরে অপেক্ষায় থাকার পর বাফুফে অবশেষে না-সূচক জবাব পেয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কাছ থেকে। মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট স্পন্সর করতে পারবে না তারা।
গত সপ্তাহে এই জবাব দিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু বৃহস্পতিবার এই তথ্য দিয়ে বলেছেন, "গত সপ্তাহে মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। সচিব জানিয়ে দিয়েছেন, তারা কোনো আর্থিক সাহায্য দিতে পারবে না স্বাধীনতা কাপ ফুটবলে।"
অথচ বাফুফে কর্তারা খুব আশা করে বসেছিল। সপ্তাহ দুয়েক আগেও মালু আরো আশাবাদী হয়েছিলেন মন্ত্রণালয়ের সচিব বদল হয়েছে বলে। কিন্তু শেষপর্যন্ত না-সূচক জাবাবই পেয়েছে বাফুফে। প্রায় এক মাস আগে তারা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল স্বাধীনতা কাপের জন্য অর্থ সাহায্য চেয়ে। অংকটা হচ্ছে ৪০ লাখ। অনেকের ধারনা, এত টাকা চাওয়ায় মন্ত্রণালয় পিছিয়ে গেছে। তার পেছনে যুক্তি হচ্ছে ২০০৫ সালে এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাহায্য-সহযোগিতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল স্বাধীনতা কাপ ফুটবল।
মন্ত্রণালয়ের নেতিবাচক জবাব শুনেও কিন্তু পিছিয়ে যাচ্ছে না বাফুফে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেছেন, "স্বাধীনতা কাপ ফুটবল হবেই। এটা ফুটবল ফেডারেশন আয়োজন করবে।" এজন্য তারা স্পন্সর জোগাড়ের চেষ্টা করবে, না পেলে নিজেদের টাকায় করার পরিকল্পনা। বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী আবাহনী, মোহামেডান ও আরামবাগ এই টুর্নামেন্টে অংশগ্রহনের ব্যাপারে নিজেদের সম্মতির কথা জানিয়ে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.
bdnews24