২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জাতীয় ফুটবল দলের কোচ আবু ইউসুফ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার আবু ইউসুফের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। চার মাস কোচশূন্য থাকা জাতীয় দলের নতুন কোচ হয়েছেন এই বাংলাদেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 04:16 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার আবু ইউসুফের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। চার মাস কোচশূন্য থাকা জাতীয় দলের নতুন কোচ হয়েছেন এই বাংলাদেশী। মঙ্গলবার বাফুফে তার নাম ঘোষণা করেছে। এবং বেঁধে দিয়েছে মেয়াদকাল এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পর্যন্ত। আগামী ৫-১০ মে কিরঘিজিস্তানে যাবে বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের গ্র"প ম্যাচ খেলতে। "সি" গ্র"পের প্রতিপক্ষ দলগুলো হচ্ছে কিরঘিজিস্তান, আফগানিস্তান ও লাওস। তারপর ৩ জুন থেকে ১৪ জুন পঞ্চম সাফ ফুটবলে "বি" গ্র"পে বাংলাদেশ খেলবে আফগানিস্তান, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে। দুটো টুর্নামেন্টে পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে তার ভবিষ্যৎ। অথচ এই চ্যালেঞ্জ নেওয়ার কথা ছিল সৈয়দ নাঈমুদ্দিনের। এই ভারতীয় কোচকে গত বছর আগস্টে নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বকাপ প্রাক বাছাইপর্ব ও সাফ ফুটবলের কথা বলে। ডিসেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ থাকলেও ২৮ অক্টোবরের ম্যাচের পর তাকে ছুটি দেওয়া হয়েছিল সাফ ফুটবলের সূচী ঠিক হলে ডাকার আশা দিয়ে। পঞ্চম সাফ ফুটবলের সূচী চূড়ান্ত হলে নাঈমুদ্দিনকে ডাকা হবে বলেই জানিয়েছিলেন তখন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু। ওই কথা রাখেননি মালু, এ ব্যাপারে তিনি কোনো কথাই বলেতে চাইছেন না, "এ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না।" মানে ২৮ অক্টোবর তাজিকিস্তানের সঙ্গে বিশ্বকাপ প্রাক বাছাইপর্বের ফিরতি ম্যাচই হয়ে গেলো নাঈমুদ্দিনের বিদায়ী ম্যাচ! ওই ভারতীয় কোচের জায়গায় এসেছেন স্থানীয় কোচ আবু ইউসুফ। আর এর সঙ্গে ইতিহাসও একটা ব্যতিক্রমী পথ ধরেছে। সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল দল প্রথমবারের মতো সাফ ফুটবল খেলতে যাবে কোনো স্থানীয় কোচের অধীনে। আগের চারবারই ছিল বিদেশী কোচ। এবং ২০০৩ সালে তৃতীয় আসরে সাফল্য এসেছিল অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের হাত ধরে। তাই প্রথমবার জাতীয় দলের দায়িত্ব পাওয়া আবু ইউসুফের জন্য এটা বিশাল এক চ্যালেঞ্জ। এর আগে '৯৮ সালে একবার জাতীয় দলের খোলোয়াড়পুষ্ট একটি দল নিয়ে তিনি কাতারে দুটো প্রদর্শনী ম্যাচ খেললেও সেটাকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দল বলা হচ্ছে না। এটাই আনুষ্ঠানিকভাবে তার জাতীয় দলের দায়িত্ব নেওয়া। তবে বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে তার অভিজ্ঞতা অনেক। অনূর্ধ্ব-১৯, ২০ ও ২৩ ফুটবল দলের সঙ্গে কাজ করে তিনি নিজেকে প্রমাণ করেছেন অনেকবার। তারই পুরস্কার হিসেবে ইউসুফের জাতীয় দলে প্রমোশন। প্রতিদান দিতে তিনিও প্রস্তুত। "আমি খুব আত্মবিশ্বাসী। সবার সহযোগিতা পেলে ভাল কিছু করতে পারবো বলে আমার বিশ্বাস"--- বলেছেন ঘরোয়া ফুটবলের এই সফল কোচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.