ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রৌঢ়ত্বের দাবি নিয়ে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন সুলতান। নিজের ভুল-ত্র"টির কথাও অকপটে স্বীকার করে নিয়েছেন মাসখানেক নিষ্ক্রিয় থাকা এই বাফুফে সভাপতি।
ক্ষমা চাওয়ার আনুষ্ঠানিকতা সারতে রোববার জাতীয় ক্রীড়াপরিষদ সম্মেলন কক্ষে তিনি নিজেই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। আর ঢাল হিসেবে সামনে নিয়ে এলেন প্রৌঢ়ত্বকে; হঠাৎ করেই যেন এস এ সুলতানের মনে পড়ল নিজের বয়স বাড়ার কথা, "গত কিছুদিন ধরে চিন্তা করে হঠাৎ করে টের পেলাম, আমি আসলে প্রৌঢ়ত্বে পৌঁছে গেছি। তাই আমার ত্র"টি-বিচ্যুতি হচ্ছে। এটা আপনারা ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি।"
বিতর্ক এবং ক্ষমার প্রেক্ষাপট তৈরি হয়েছে গত ৯ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান জেনারেল মইন উ আহমেদকে লেখা একটি চিঠিকে ঘিরে। তাতে সুলতান বেশ আপত্তিকর ভাষায় মিডিয়াকে আক্রমণ করেন। ফাঁস হয়ে যাওয়া ওই চিঠিতে 'মিডিয়াকে বিনময় ছাড়া নিয়ন্ত্রণ সম্ভব নয়' বলে উল্লেখ করেছিলেন বাফুফে সভাপতি। তার এই মন্তব্য বিতর্কের ঝড় তোলে চারদিকে। এবং ক্ষুব্ধ সাংবাদিকরা সুলতানের নিউজ বয়কটসহ ক্ষমা চাওয়ার দাবি করেন।
ওই দাবির মুখে সুলতানের এই সংবাদ সম্মেলন। যেখানে সুলতান মিনতির সুরে বলেছেন, "আমি জানি, আমার মন্তব্যে সাংবাদিক ভাইয়েরা মনে আঘাত পেয়েছেন। এজন্য আমি আবারো ক্ষমা চাইছি সবার কাছে।" নিজেকে সাংবাদিক পরিবারের সদস্য দাবি করে তিনি বলেছেন, "আমি নিজেও সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা মানুষ। এরকম মন্তব্য করা উচিত হয়নি আমার। তবে জেনে রাখুন, ওই বক্তব্য আমার মনের সত্যিকার অভিব্যক্তি নয়।"
শুধু মিডিয়া নয়, সাবেক উপদেষ্টার সঙ্গে বাগযুদ্ধেও জড়িয়ে পড়েন সুলতান। এর বাইরেও নানা বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে গত ৩০ ডিসেম্বর থেকে সুলতান নিষ্ক্রিয় হয়ে যান বাফুফেতে। এখন আবার সক্রিয় হতে শুরু করেছেন। সরকারের নির্দেশ মেনে ফিফা-এএফসির সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু ও সুন্দর বাফুফে নির্বাচনের চেষ্টা করছেন। এই লক্ষ্যে আগামী ৬ মার্চ আবার এএফসি সদর দপ্তর কুয়ালালামপুরে যাবেন বাদল রায়দের সঙ্গে নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৫৪৫ঘ.
bdnews24