২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের চেয়েও অনেক বেশি অর্জন বাংলাদেশের

কোনো ডিসিপ্লিনে আধিপত্য খর্ব হতে দেয়নি বাংলাদেশ। একেবারে শেষপর্যন্ত নিজেদের আধিপত্য ধরে বাংলাদেশ ৪৫টি সোনা, ২৯টি রূপা ও ১৮টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে থেকেই শেষ করেছে দ্বিতীয় ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস। গতবারের চ্যাম্পিয়ন পশ্চিবঙ্গ ঢাকায় এসে শুধু শ্রেষ্ঠত্বই হারায়নি, বেহাল অবস্থা হয়েছে পদক তালিকায়। মাত্র ২৪টি সোনা, ৪০টি রূপা ও ২৭টি ব্রোঞ্জ জিতেছে অতিথিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কোনো ডিসিপ্লিনে আধিপত্য খর্ব হতে দেয়নি বাংলাদেশ। একেবারে শেষপর্যন্ত নিজেদের আধিপত্য ধরে বাংলাদেশ ৪৫টি সোনা, ২৯টি রূপা ও ১৮টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষে থেকেই শেষ করেছে দ্বিতীয় ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস। গতবারের চ্যাম্পিয়ন পশ্চিবঙ্গ ঢাকায় এসে শুধু শ্রেষ্ঠত্বই হারায়নি, বেহাল অবস্থা হয়েছে পদক তালিকায়। মাত্র ২৪টি সোনা, ৪০টি রূপা ও ২৭টি ব্রোঞ্জ জিতেছে অতিথিরা। অথচ নিজেদের মাঠে প্রথমবার পশ্চিমবঙ্গ ৩৮টি সোনা জিতেছিল। সেই শ্রেষ্ঠত্ব খর্ব করতে এবার বাংলাদেশ প্রায় চার মাস ধরে প্রশিক্ষণের ব্যবস্থা করে অ্যাথলেটদের। আর তা দিয়ে ৪০টি সোনা জেতার স্বপ্ন ছিল স্বাগতিকদের। কিন্তু পেয়েছে স্বপ্নের চেয়েও বেশি। প্রায়শই স্বপ্ন পূরণ না হওয়ার রীতি ভেঙ্গে এবার বাড়তি অর্জনের দুর্লভ অহংকারে আয়োজকদের বুকের ছাতি কয়েক ইঞ্চি প্রসারিত হবে। রেকর্ড দিয়ে অনেক গাল-গল্প হবে। কিন্তু কোনোকিছুরই কোনো মূল্য থাকবে না যদি এসএ গেমসে প্রত্যাশিত সাফল্য না মেলে। সেটাই আসল পরীক্ষার ক্ষেত্র। সোমবার শেষদিনের আকর্ষণ ছিল ফুটবল। গতবার পুরুষ ও মহিলা দুটো বিভাগেই সোনা জয়ী পশ্চিমবঙ্গকে হারিয়ে এবার সোনা জিতেছে বাংলাদেশ। পুরুষ বিভাগে আগের দুটো ম্যাচে একটি করে জিতেছিল বাংলাদেশ ও পশ্চিবঙ্গ। সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় জয় পেয়েছে পশ্চিবঙ্গকে ২-১ গোলে হারিয়ে। বাংলাদেশের পক্ষে দুটো গোলই করেছেন আতিকুর রহমান মিশু। তবে অসম্ভব সম্ভব করেছে বাংলাদেশের মেয়েরা। কারণ মেয়েদের ফুটবলে অনেকটা এগিয়ে পশ্চিমবঙ্গ। তাদেরকে শেষদিনে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে সোনা জিতে নিয়েছে বাংলাদেশের মহিলা ফুটবল দল। তিন ম্যাচের সিরিজে প্রথমটি ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচটি ১-০ গোলে জিতে নিয়েছিল অতিথিরা। সোমবার শেষ ম্যাচে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতলে সোনা নিষ্পত্তির জন্য টাইব্রেকারে গড়ায় এবং তাতেই বাজিমাৎ করে স্বাগতিকরা। এছাড়া আগেরদিন কাবাডি, বাস্কেটবল, খো-খো ও ভলিবলের সোনা নিশ্চিত করা বাংলাদেশ সোমবার প্রতিটি ডিসিপ্লিনের তৃতীয় ম্যাচেও হারিয়েছে সফরকারীদের। ক্রিকেটের সোনাও বাংলাদেশের ঘরে গেছে, তবে সিরিজের শেষ ম্যাচটি হবে মঙ্গলবার। দলগত ইভেন্টের বাইরে অ্যাথলেটিকস, সাঁতার ও শ্যুটিং ৩৮ টা সোনা উপহার দিয়েছে বাংলাদেশকে। সব মিলিয়ে প্রথমবার পিছিয়ে থাকা বাংলাদেশ এবার বেশ উজ্জ্বল ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.