লন্ডন, ২৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিন্ন দুটো কারণে রোববার ছোটখাটো উৎসব হয়েছে বার্সেলোনায়। প্রথম কারণ, স্প্যানিশ প্রিমেরা লিগায় স্যামুয়েল এতো'র হ্যাটট্রিকে লেভান্তের বিপক্ষে তাদের ৫-১ গোলের জয়। দ্বিতীয় কারণ, গেটাফের কাছে হেরে রিয়াল মাদ্রিদের কিছুটা পিছিয়ে পড়া। একইভাবে ইতালিয়ান সিরি 'এ'-তে আনন্দে ভেসেছে এ এস রোমা। সাম্পদোরিয়ার সঙ্গে ড্র করে বসেছে পয়েন্ট তালিকার শীর্ষ দল ইন্টার মিলান আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে রোমা। ফিওরেন্টিনাকে ১-০ গোলে হারানোয় ইন্টারের চেয়ে তারা আর নয় পয়েন্ট পিছিয়ে। ওদিকে ইংল্যান্ডে চেলসিকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপ জিতে নিয়েছে টটেনহাম হটস্পার।
আরিয়েন রবেনের গোল অফসাইডের কারণে বাতিল না হলে ম্যাচ জিতে হয়তো পয়েন্ট তালিকার আরো ওপরে উঠে যেতো রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয়ার্ধে ওই গোল বাতিল হওয়ার হতাশাও তারা সামলাতে পারেনি। মাত্র ২৯ সেকেন্ড পর পাল্টা আক্রমণ থেকে তাদের জালে বল জড়ান গেটাফের ইকেচুকু উচে। আর সেটাই হয়ে যায় গেটাফের জয়সূচক গোল। তাদের এই ন্যূনতম ব্যবধানের পরাজয়ে খুব উপকার হয়েছে বার্সেলোনার। লিওনেল মেসি আর জাভির গোলের পর স্যামুয়ে এতো'র হ্যাট্রিকে লেভান্তেকে বিধ্বস্ত করায় তাদের পয়েন্ট এখন ৫৪, রিয়ালের ৫৬ আর ভিলারিয়ালের ৪৬। নিজেদের সর্বশেষ ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে ভিলারিয়াল।
ইতালিয়ান লিগে হারতেই বসেছিল ইন্টার মিলান। সাম্পদোরিয়ার বিপক্ষে এ ম্যাচে তাদের হার এড়িয়ে (১-১) এক পয়েন্ট পাওয়া নিশ্চিত করেছে আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপোর গোল। একই দিনে জুভেন্টাস ১-২ গোলে হেরে গেছে পয়েন্ট তালিকার তলানির দল রেজ্জিনার কাছে। ইতালির আরেক বড় দল এসি মিলান অবশ্য অল্পের জন্য বেঁচে গেছে। অতিরিক্ত সময়ে ফিলিপ্পো ইনজাগির গোল পালের্মোর বিপক্ষে জয় (২-১) এনে দিয়েছে তাদের। এ জয়ের ফলে পয়েন্ট তালিকায় তারা এখন ফিওরেন্টিনার ওপরে, চতুর্থ স্থানে। প্রথম, দ্বিতীয় আর তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান, এ এস রোমা এবং জুভেন্টাস।
ওয়েম্বলির লিগ কাপ ফাইনালে চেলসিই ছিল ফেভারিট। গত ৮ বছরে যারা একটাও বড় শিরোপা জেতেনি সেই টটেনহামকে ফেভারিট ভাবার তেমন কোনো কারণও ছিল না। কিন্তু অতিরিক্ত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের ডিফেন্ডার জোনাথন উডগেটের গোল মাঠের বাইরের সব হিসেব ভুল প্রমান করে। রোববার প্রিমিয়ার লিগে বার্মিংহাম সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। তারপরও শীর্ষেই আছে তারা। তবে নিউ ক্যাসল ইউনাইটেডকে ৫-১ গোলে হারিয়ে তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধানকে ৩-এ নামিয়ে এনেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউ'র হয়ে দুটো করে গোল করেছেন ওয়েইন রুনি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৩৫২ ঘ.
bdnews24