ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আধিপত্য ধরে রেখে বাংলাদেশ অ্যাথলেটিকস শেষ করেছে। তেমনি শ্যুটিং এবং সাঁতারেও এগিয়ে বাংলাদেশ। এর সঙ্গে টিম-গেম গুলোতেও স্বাগিতকদের জয়জয়কারে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৫ টি সোনা, ২২টি রূপা ও ১৬টি ব্রোঞ্জ। পশ্চিমবঙ্গ অনেক পেছনে পড়ে আছে ১৭টি সোনা, ৩০টি রূপা ও ১৯টি ব্রোঞ্জ নিয়ে।
বাংলাদেশ ৯টি সোনা, ৭টি রূপা ও ৪টি ব্রোঞ্জ জিতে গেমস অ্যাথলেটিকস শেষ করেছে। শ্যুটিং থেকে এসেছে ৪টি সোনা। আর সাঁতারে যোগ হয়েছে ৫টি সোনা। এই তিনটা ডিসিপ্লিন থেকে সিংহভাগ পদক যোগ হলেও দলগত খেলাগুলোতেও স্বাগতিকদের সঙ্গে হার মানতে হয়েছে পশ্চিমবঙ্গকে।
টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচ জিতে সোনা নিশ্চিত করেছে বাংলাদেশ। আগেরদিন ১৫ রানে জয়ের পর রোববার তারা ৩ উইকেটে হারিয়েছে পশ্চিবঙ্গ একাদশকে। রাজশাহী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে অতিথিরা নির্ধারিত ২০ ওভারে করেছিল ৫ উইকেট ১৬০। জবাবে ১৮.৫ ওভারে ৭ উইকেটে ১৬২ রান করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
কাবাডিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩৭-২৩ পয়েন্টে পশ্চিমবঙ্গকে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। ভলিবলেও বাংলাদেশ ৩-০ সেটে পশ্চিমবঙ্গকে হারিয়ে সোনা জিতেছে। খো-খো, বাস্কেটবলের সোনাও জমা হয়েছে বাংলাদেশের ঘরে। মানে বেস্ট অব থ্রি হলেও এসব ডিসিপ্লিনে টানা দুটো করে ম্যাচ জিতে সোনা নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা।
বাকি আছে ফুটবলের দুটো সোনা। আগের দিন জয় পেলেও রোববার বাংলাদেশ যুব ফুটবল দল গোলশূন্য ড্র করেছে পশ্চিবঙ্গ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। তাই সোনা নিষ্পত্তির জন্য সোমবার তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওদিকে মহিলা ফুটবলে বাংলাদেশ ০-১ গোলে হেরে গেছে পশ্চিমবঙ্গ দলের কাছে। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩০ঘ.
bdnews24